পুবের কলম ওয়েব ডেস্ক: গত ২১ আগষ্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে থানায় অভিযোগ দায়ের হওয়ার পর দু’দিন কেটে গেলেও এখনও পর্যন্ত গ্রেফতার শূণ্য। অভিযোগপত্রে উপাচার্য, ২০ আগষ্ট মধ্যরাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে বহিরাগতদের তাণ্ডবে পড়ুয়াদের জীবন বিপন্ন করার এবং দুপুরে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্রতীক নষ্ট করার মত গুরুতর অভিযোগ তুলেছেন। তা সত্ত্বেও কেন এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার হল না তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে। এরইমধ্যে জানা গেছে, আর এরই মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে এই ঘটনার তদন্তে যে তদন্তকমিটি গঠন করা হয়, সেই কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিতে চান না নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকার। এ বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকে ইমেল পাঠিয়ে নিজের সিদ্ধান্তর কথা জানিয়েছেন, শুভশঙ্কর সরকার।

জানা গেছে, ব্যক্তিগত ব্যস্ততার কারণেই এই পদ তিনি গ্রহণ করেনি।
তবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের চেয়ারম্যানের প্রস্তাব প্রত্যাখানের কারণ হিসাবে কোনও কোনও মহল চাপের তত্ত্বের কথা উল্লেখ করেছেন। কারণ, এই  তদন্ত কমিটি নিয়ে আপত্তি জানায় আরএসএস ঘনিষ্ঠ শিক্ষক সংগঠন। কমিটির চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শুভশঙ্কর সরকারকে নিয়োগ নিয়ে প্রশ্ন তোলে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের যাদবপুর ইউনিট। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দেওয়া চিঠিতে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তদন্ত কমিটির নিরপেক্ষতা, স্বাধীনতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে কমিটির চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শুভশঙ্কর সরকারের নিয়োগ নিয়ে বড় আপত্তি জানিয়েছে সংগঠনটি।