পুবের কলম ওয়েব ডেস্ক: জেলায় জেলায় 'অন্নপূর্ণা যোজনা'-র তিন হাজার টাকা না পাওয়া নিয়ে মহিলাদের একাংশ বিক্ষোভ দেখাচ্ছেন। আর এই বিক্ষোভের পিছনে ষড়যন্ত্র বা অন্তর্ঘাত দেখছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সুরেই রবিবার তিনি এই দাবি করেছেন।
আরও পড়ুন:
রবিবার হাওড়ায় বিজেপির একটি প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে শমীক ভট্টাচার্য বলেন, কিছু ক্ষেত্রে সিস্টেমের কারণে গাফিলতি বা ফর্ম পূরণে ভুল থাকতে পারে।
তবে বেশিরভাগ জায়গাতেই এই প্রকল্প বানচাল করতে অন্তর্ঘাতের চেষ্টা করা হয়েছে। তিনি সরাসরি কারও নাম না নিলেও তাঁর ইঙ্গিত যে তৃণমূলের দিকে, তা কার্যত স্পষ্ট। উল্লেখ্য, এর আগে বিক্ষোভের মুখে পড়ে মন্ত্রী অগ্নিমিত্রা পালও জানিয়েছিলেন যে তৃণমূলের লোকজন অশান্তিতে উস্কানি দিচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বিরোধীদের কড়া বার্তা দিয়ে বলেছেন, লোক খেপিয়ে বা রিল বানিয়ে কোনও লাভ হবে না।আরও পড়ুন:
শমীক আরও জানান, বছরে ৩৬ হাজার টাকা একটি বড় অঙ্ক। তাই আগের সরকারের মতো দুর্নীতি এড়াতে প্রকৃত যোগ্য ব্যক্তিরাই যাতে এই টাকা পান, তার জন্য যাচাই বা স্ক্রিনিং করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যে ১ কোটির বেশি মহিলা এই টাকা পেয়েছেন। যোগ্য কেউ বঞ্চিত হবেন না বলে আশ্বাস দিয়ে তিনি জানান, খুব শীঘ্রই আরও প্রায় ৫০ লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার আওতায় আনা হবে। পাশাপাশি, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে রাজ্যে 'অন্নপূর্ণা দিবস' পালিত হবে বলে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।