পুবের কলম, ওয়েবডেস্ক:  উত্তরপ্রদেশের হাতরাস জেলায় নিজের ১৬ বছরের নাবালিকা নাতনিকে ধর্ষণের অভিযোগে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা কিশোরী বর্তমানে আড়াই মাসের গর্ভবতী বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, হাতরাসের সিকান্দার রাও থানা এলাকার বাসিন্দা ওই কিশোরীর মা কিছুদিন আগে মারা যান। এরপর থেকে সে তার বাবা ও দাদুর সঙ্গেই বসবাস করছিল।

বাবা কাজের সূত্রে বাইরে বেরিয়ে গেলে অভিযুক্ত দাদু ফাঁকা বাড়িতে নাতনির ওপর যৌন নির্যাতন চালাত বলে অভিযোগ।
 
প্রতিবেদনে জানা গেছে, গত ২০ জুন প্রথমবার ওই কিশোরীকে যৌন নিগ্রহ করে তার দাদু। এরপর টানা প্রায় তিন মাস ধরে তার ওপর এই অত্যাচার চালিয়ে যাওয়া হয়। সম্প্রতি পেট ব্যথার কথা জানালে শনিবার পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে নিয়ে যান।
সেখানে পরীক্ষার পরই কিশোরীর গর্ভবতী হওয়ার বিষয়টি ধরা পড়ে।
 
ঘটনার খবর পেয়ে জেলা সার্কেল অফিসার অমিত পাঠক জানান, নাবালিকাকে চিকিৎসার ও শারীরিক পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছিল। চিকিৎসকরা পরীক্ষা করে নিশ্চিত করেছেন যে সে আড়াই মাসের অন্তঃসত্ত্বা। কিশোরীর জবানবন্দি ও লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে শনিবারই গ্রেফতার করেছে সিকান্দার রাও থানার পুলিশ। ঘটনার পরবর্তী আইনি পদক্ষেপ ও তদন্ত শুরু হয়েছে।