পুবের কলম, ওয়েবডেস্ক: সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে—এই অভিযোগে ফের দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলনের হুঁশিয়ারি দিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পরবর্তী পদক্ষেপ নির্ধারণ এবং আন্দোলন স্থগিতের পর সরকারের ভূমিকা পর্যালোচনা করতে সোমবার দলটির জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক ডাকা হয়েছে। গত ২৫ জুলাই সরকারি আশ্বাসের ভিত্তিতে প্রথম পর্যায়ের আন্দোলন স্থগিত করেছিল দলটিতে। তবে রবিবার এক বিবৃতিতে সিজেপি জানিয়েছে, তাদের দাবি আদায় এবং দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সব ধরনের পথ খোলা রাখা হচ্ছে, যার মধ্যে নতুন করে দেশব্যাপী আন্দোলনের ডাকও রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দেশের ছাত্র, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে সিজেপি নেতৃত্ব।


 
সিজেপি নেতৃত্বের দাবি, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত একটি শুনানির পর থেকেই নতুন করে এই টানাপোড়েন শুরু হয়। ওই শুনানিতে শীর্ষ আদালতের বেঞ্চ আন্দোলনকারী ছাত্র ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া আইনি মামলাগুলো একযোগে খারিজ করতে সরকারের সহযোগিতা চেয়েছিল।
সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া সমস্ত এফআইআর-এর একটি একত্রিত তালিকা জমা দিতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সংবিধানের ১৪২ অনুচ্ছেদ-এর অধীনে থাকা বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সমস্ত মামলা এক লপ্তে খারিজ করার পরিকল্পনা ছিল আদালতের।
 
অভিযোগ, সুপ্রিম কোর্ট পরপর তিনবার তালিকা দেওয়ার অনুরোধ জানালেও কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেই তালিকা জমা দেওয়ার বিষয়ে কোনো ইতিবাচক প্রতিশ্রুতি বা উদ্যোগ দেখানো হয়নি। কেন্দ্রের এই ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আগামী দিনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই সোমবার বৈঠকে বসছে ককরোচ জনতা পার্টির নেতৃত্ব।