পুবের কলম ওয়েব ডেস্ক: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় ' থালাপতি' সোমবার রাজ্যে বড়সড় জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেছেন। রাজ্যের যে পরিবারগুলির বার্ষিক আয় আড়াই লক্ষ টাকা বা তার কম, তাদের বছরে তিনটি করে রান্নার গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। 'অন্নপূরানি সুপার সিক্স' নামের এই প্রকল্পটি আগামী ২০২৭ সালের পোঙ্গল উৎসব থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বিজয়ের দল টিভিকে বছরে ছ'টি বিনামূল্যের সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

এই প্রকল্পে পরিবারের গৃহকর্ত্রীর নামে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিলিন্ডারের টাকা পৌঁছে যাবে। এর ফলে রাজ্যের প্রায় ১ কোটি ৩০ লক্ষ পরিবার উপকৃত হবে এবং সরকারের ৪ হাজার কোটি টাকা ব্যয় হবে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের আর্থিক বোঝা কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি, রাজ্যে মহিলাদের বিনামূল্যের বাসযাত্রার পরিধিও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু সরকার।

আগামী ২ অক্টোবর থেকে 'ভেট্টিরি পায়ানা থিত্তম' প্রকল্পের আওতায় মহিলা এবং রূপান্তরকামীরা দূরপাল্লার এক্সপ্রেস বা ডিলাক্স বাসে এবং এক জেলা থেকে অন্য জেলায় সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এর আগে পর্যন্ত রাজ্যে কেবল ৪০ কিলোমিটার দূরত্বের মধ্যে এই বিনামূল্যের পরিষেবা পাওয়া যেত।

অন্যদিকে, চেন্নাইয়ের পারান্দুরে দ্বিতীয় বিমানবন্দর তৈরির কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়। স্থানীয় কৃষক ও বাসিন্দাদের আপত্তির জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, কৃষকদের ক্ষতির মুখে ফেলে বা কোনও পরিবারকে উচ্ছেদ করে নতুন বিমানবন্দর তৈরি করা হবে না। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য বেশ কয়েকটি বিকল্প জায়গা চিহ্নিত করার কাজ শুরু করেছে প্রশাসন।