পানিহাটিতে প্রয়াত সিপিআই(এম) নেত্রী তানিয়া চক্রবর্তীর স্মরণসভাকে ঘিরে দলের কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে রবিবার লোকসংস্কৃতি ভবন থেকে সোদপুর স্টেশন পর্যন্ত মিছিল করে সিপিআই(এম)। মিছিলে নেতৃত্ব দেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক পলাশ দাশ।

সিপিআইএমের দাবি, শনিবার রাতে স্মরণসভার প্রস্তুতিতে দলীয় পতাকা লাগানোর সময় কর্মীদের উপর হামলা চালানো হয়। ঘটনায় নির্মল জানা ও ইন্দ্রনীল সেন-সহ কয়েক জন আহত হন।

নির্মল জানার হাত ভেঙে গিয়েছে বলেও দলের তরফে দাবি করা হয়েছে।
স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে মহম্মদ সেলিম বলেন, বিজেপি শাসনে দেশজুড়ে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদের আওয়াজ উঠছে। প্রতিবাদীদের ‘হার্মাদ’, ‘আরবান নকশাল’ বা ‘দিমাগি নকশাল’-এর মতো তকমা দিয়ে সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সেলিমের আহ্বান, জাতি, ভাষা ও ধর্মের বিভাজনের ঊর্ধ্বে উঠে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। তানিয়া চক্রবর্তীর রাজনৈতিক জীবন থেকে শিক্ষা নিয়ে প্রতিবাদ ও গণআন্দোলন আরও শক্তিশালী করার ডাক দেন তিনি।
সভায় পলাশ দাশ-সহ দলের অন্যান্য নেতারাও তানিয়া চক্রবর্তীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মানুষের আন্দোলনকে আরও সংগঠিত করার আহ্বান জানান।