পুবের কলম ওয়েব ডেস্ক: কেওয়াইসি বা গ্রাহক পরিচিতি সংক্রান্ত তথ্য আপডেট না থাকার কারণ দর্শিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেই অ্যাকাউন্ট এবার ফের চালু করা হল। সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে এই মামলার নিষ্পত্তি হয়। পাশাপাশি, আগাম নোটিস ছাড়া কোনও গ্রাহকের অ্যাকাউন্ট যাতে বন্ধ না করা হয়, সে বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে সতর্কও করে দিয়েছেন বিচারপতি।

আদালতের নির্দেশে ইতিমধ্যেই ব্যাঙ্কের প্রতিনিধিরা অভিষেকের বাড়িতে গিয়ে তাঁর কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করে এসেছেন। সোমবার শুনানিতে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য প্রশ্ন তোলেন, তাঁর মক্কেল কখনও কেওয়াইসি করাতে অস্বীকার করেননি। তা সত্ত্বেও তাঁকে আগাম কিছু না জানিয়ে কেন অ্যাকাউন্ট ব্লক করা হল? অকারণে এই হয়রানির জন্য তিনি ব্যাঙ্ক কর্তৃপক্ষের জরিমানার দাবিও জানান আদালতে।

বিচারপতি কৃষ্ণ রাও তাঁর পর্যবেক্ষণে স্পষ্ট জানান, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, যে কোনও সাধারণ গ্রাহকের অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রয়োজন পড়লে আগে তাঁকে নোটিস দিয়ে সতর্ক করা উচিত। ব্যাঙ্কের উচিত ছিল আগে কেওয়াইসি আপডেট করার কথা জানানো। ব্যাঙ্কের আইনজীবী অবশ্য আদালতে দাবি করেন, এই পদক্ষেপ ইচ্ছাকৃত ছিল না। অভিষেক অন্য একটি মামলায় যুক্ত থাকার খবর পাওয়ার পর স্বাভাবিক নিয়মেই অ্যাকাউন্টটি সাময়িকভাবে ফ্রিজ হয়ে গিয়েছিল।

বর্তমানে তা আবার চালু করে দেওয়া হয়েছে। ব্যাঙ্কের এই ব্যাখ্যার পরেই আদালত মামলাটির নিষ্পত্তি করে দেয়।

প্রসঙ্গত, সম্প্রতি চোখের চিকিৎসার জন্য সুপ্রিম কোর্টের থেকে বিদেশে যাওয়ার অনুমতি পেয়েছিলেন অভিষেক। কিন্তু তার পরই তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং দু'টি ক্রেডিট কার্ড ফ্রিজ হওয়ার বিষয়টি সামনে আসে। অভিষেকের আইনজীবীর দাবি ছিল, ২০২৬ সালের ডিসেম্বর মাস পর্যন্ত কেওয়াইসির মেয়াদ থাকা সত্ত্বেও এই পদক্ষেপ করা হয়েছে। এরপর আদালতের ভর্ৎসনার মুখে পড়ে অভিষেকের বাড়িতে গিয়ে কেওয়াইসি করে আসেন ব্যাঙ্কের প্রতিনিধিরা।