পুবের কলম ওয়েব ডেস্ক: স্বাধীনতা দিবসের আগের রাতে নদিয়ার কৃষ্ণনগরে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ ঘিরে তৈরি হওয়া বিতর্কে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়েছেন তিনি। মহুয়ার আইনজীবীর দাবি, এই পুরো ঘটনার সঙ্গে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিষয়টি সরাসরি জড়িত।
আরও পড়ুন:
সাংসদের অভিযোগ, থানায় সশরীরে হাজিরা দেওয়ার উদ্দেশ্যে গত ১৪ অগস্ট সন্ধ্যায় তিনি কৃষ্ণনগরের সার্কিট হাউসে নিজের নির্ধারিত ঘরে গিয়ে ওঠেন। যথারীতি তাঁকে চা ও রাতের খাবারও পরিবেশন করা হয়।
কিন্তু রাত পৌনে ১০টা নাগাদ জেলা প্রশাসনের তরফে তাঁকে ফোন করে আচমকা ঘর ছাড়ার কথা বলা হয়। কারণ জানতে চাইলে প্রশাসন জানায়, 'উপরমহল'-এর নির্দেশ রয়েছে। পরে তাঁকে একটি নির্দেশিকা পাঠিয়ে জানানো হয় যে, রক্ষণাবেক্ষণ ও সাফাইয়ের কাজের জন্য ১৪ অগস্ট সন্ধ্যা থেকে সার্কিট হাউস বন্ধ থাকবে। যদিও ১৩ অগস্টের আগে নিশ্চিত হওয়া বুকিংগুলিকে এই নিয়মের বাইরে রাখা হয়েছিল।আরও পড়ুন:
মহুয়ার প্রশ্ন, বুকিংয়ের সময় বা ঘরে ঢোকার পর তাঁকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি।
তাহলে নির্দেশ জানানোর জন্য রাত ১০টা পর্যন্ত কেন অপেক্ষা করল প্রশাসন? সাংসদ ঘর ছাড়তে অস্বীকার করার পর সার্কিট হাউসের বাইরে বেশ কিছু বিজেপি কর্মী-সমর্থক জড়ো হয়ে তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন বলে অভিযোগ। অথচ প্রশাসন তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি বলে দাবি করেছেন মহুয়া। প্রসঙ্গত, এর আগে একই ঘটনা নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লারও হস্তক্ষেপ চেয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ। এবার তিনি সোজা শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন।