পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা পাওয়া নিয়ে শুরু হয়েছে প্রবল বিক্ষোভ। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে মহিলাদের মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে। কিন্তু বর্তমানে সেই টাকা না পেয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে রেল অবরোধ থেকে শুরু করে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার এক ফেসবুক লাইভে এসে মমতা অভিযোগ করেন, সাধারণ মানুষকে প্রতারিত করেছে বর্তমান বিজেপি সরকার।

নির্বাচনের আগে কোনও শর্ত ছাড়াই প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন যোগ্যতার মাপকাঠির নামে বেছে বেছে রাজনৈতিক রং দেখে টাকা দেওয়া হচ্ছে। নিজের আমলের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের উদাহরণ টেনে তিনি বলেন, তাঁর সরকার মহিলাদের আত্মনির্ভর করতে প্রায় ২ কোটি ৪২ লক্ষ মহিলাকে বিনা বৈষম্যে টাকা দিত। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন, অন্নপূর্ণা যোজনায় যাঁরা বঞ্চিত হয়েছেন, তাঁদের নামের তালিকা সংগ্রহ করে দলের তরফে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্নপূর্ণা যোজনা ছাড়াও আরও একাধিক ইস্যুতে বর্তমান রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন তৃণমূলনেত্রী।

 যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব, বেছে বেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের, বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ এবং বিরোধী কর্মসূচিতে পুলিশের অনুমতি না দেওয়া নিয়ে সরব হন তিনি।

তিনি স্পষ্ট জানান, ভয় দেখিয়ে বা মিটিংয়ের অনুমতি না দিলেও তাঁর রাজনৈতিক লড়াই থামবে না। এছাড়াও দিল্লিতে ছাত্র বিক্ষোভে পুলিশের ছররা গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া এফআইআরের নেপথ্যে তৃণমূল নেতা সাকেত গোখলের করা আরটিআই রয়েছে বলেও তিনি দাবি করেন।
অন্যদিকে, মমতার এই সমস্ত অভিযোগের কড়া জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, যোগ্যতার ভিত্তিতেই প্রকৃত প্রাপকদের টাকা দেওয়া হচ্ছে, এখানে কে বিজেপি বা কে তৃণমূল তা দেখা হচ্ছে না। পাশাপাশি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কটাক্ষ করে তিনি জানান, তৃণমূল সরকার কর্মচারীদের ডিএ তো দেয়ইনি, উলটে রাজ্যের ঘাড়ে আট লক্ষ কোটি টাকার ঋণের বিপুল বোঝা চাপিয়ে দিয়ে গিয়েছে।