উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: পড়াতে এসে তৃতীয় শ্রেণির এক নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ উঠল ৭১ বছর বয়সি এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ঝড়খালি এলাকায়। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করেছে ঝড়খালি থানার পুলিশ। ঘটনার পর বিষয়টি মিটমাট করে নেওয়ার জন্য তাঁদের উপর চাপ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেছে নির্যাতিতার পরিবার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত গৃহশিক্ষকের নাম সুভাষচন্দ্র মিস্ত্রি।
ঘটনাটি জানাজানি হতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে নাবালিকার পরিবারের মধ্যে। পরিবারের অভিযোগ,ঘটনার পর অভিযুক্তের পরিবারের তরফে বিষয়টি মিটমাট করে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে সেই প্রস্তাবে রাজি হননি নাবালিকার পরিবারের সদস্যরা। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পর পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। আইন মেনে ক্যানিং মহকুমা হাসপাতালে নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর আপাতত সে পরিবারের সঙ্গেই রয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে পুলিশ জানিয়েছে।অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সুভাষচন্দ্র মিস্ত্রিকে গ্রেফতার করে ঝড়খালি থানার পুলিশ।সোমবার তাঁকে আলিপুর সদর আদালতে পেশ করা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।৭১ বছর বয়সি এক গৃহশিক্ষকের বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি, নাবালিকার পরিবারের উপর যাতে কোনওরকম চাপ সৃষ্টি না হয়, সেদিকে ও প্রশাসনের নজরদারি দাবি করা হয়েছে।