পুবের কলম ওয়েব ডেস্ক: সোমবার ভোরের কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতেই বিপর্যস্ত হয়ে পড়ল রাজধানী দিল্লি। রানওয়েতে জল জমে যাওয়ার কারণে বিমান পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। আবহাওয়া এতটাই প্রতিকূল যে, দিল্লি বিমানবন্দরে নামতে না পেরে অন্তত ১৫টি বিমানকে বাধ্য হয়ে অন্য বিমানবন্দরে অবতরণ করানো হয়। এর মধ্যে ১২টি বিমান রাজস্থানের জয়পুরে, দু'টি চণ্ডীগড়ে এবং একটি লখনউতে নামানো হয়েছে। এছাড়াও, জলজমাটের কারণে আড়াইশোর বেশি বিমানের অবতরণ এবং বেশ কিছু বিমানের উড়ান নির্দিষ্ট সময়ের চেয়ে অনেকটাই পিছিয়ে যায় বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
বিমান পরিষেবার পাশাপাশি শহরের যানজট সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি বাড়িয়েছে। রাস্তায় জল দাঁড়িয়ে থাকার কারণে সঙ্গম বিহারের কাছে এমবি রোডে যান চলাচল প্রায় থমকে যায় এবং সাকেত কোর্ট এলাকাতেও গাড়ি চলছে অত্যন্ত ধীর গতিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার দিল্লির আবহাওয়া বেশ ভ্যাপসা থাকলেও সোমবার ভোর থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়।
আরও পড়ুন:
বেলা সাড়ে ১১টার মধ্যেই ছতরপুর-সহ বিভিন্ন এলাকায় ১৮ থেকে ২৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় আবহাওয়া দপ্তরের তরফে সোমবার সারাদিন দিল্লিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, গুরুগ্রাম ও ফরিদাবাদেও কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।