পুবের কলম ওয়েবডেস্ক, কেন্দ্রের সঙ্গে সমঝোতার প্রায় এক মাসের মধ্যেই ফের রাজপথে নামার সিদ্ধান্ত নিল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সোমবার জাতীয় কর্মসমিতির বৈঠকের পর সংগঠনটি জানিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে দিল্লিতে শান্তিপূর্ণ মিছিল করবে তারা। মিছিল শুরু হবে ইন্ডিয়া গেট থেকে এবং শেষ হবে নয়াদিল্লি পুলিশ সদর দফতরের সামনে। আন্দোলনের অগ্রভাগে থাকার কথা রয়েছে নিট-সংক্রান্ত ঘটনায় মৃত পরীক্ষার্থীদের পরিবার এবং জুলাইয়ের আন্দোলনে পুলিশি নির্যাতনের অভিযোগ তোলা ব্যক্তিদের। 

সিজেপির অভিযোগ, গত ২৫ জুলাই কেন্দ্রের সঙ্গে আলোচনার পরে যে প্রতিশ্রুতিগুলির ভিত্তিতে দেশজুড়ে চলা আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল, তার গুরুত্বপূর্ণ অংশ এখনও কার্যকর হয়নি।

বিশেষ করে আন্দোলনকারী ছাত্র ও প্রতিবাদকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার বা খারিজ এবং নিট সংক্রান্ত ঘটনায় মৃত পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিয়ে এখনও স্পষ্ট অগ্রগতি নেই বলে দাবি সংগঠনের। 

এই অভিযোগকে সামনে রেখেই ফের সংগঠিত হওয়ার ডাক দিয়েছে সিজেপি। তাদের বক্তব্য, সরকারকে দেওয়া সময় এবং আলোচনার প্রতি আস্থা রেখেই ২৫ জুলাই দীর্ঘ আন্দোলন গুটিয়ে নেওয়া হয়েছিল। সেই আস্থার সুযোগ নিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে দেরি করা হলে তা মেনে নেওয়া হবে না। সংগঠনের তরফে স্পষ্ট বার্তা - ধৈর্যকে যেন দুর্বলতা বলে ভুল না করা হয়।

উল্লেখ্য যে, নিট-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নফাঁসের অভিযোগকে সামনে রেখে দিল্লির যন্তর মন্তরে টানা ৩৬ দিন অবস্থান-বিক্ষোভ চালিয়েছিল সিজেপি। আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ২৫ জুলাই তাঁর পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহার করে নেয় সংগঠনটি, যদিও তখনই জানানো হয়েছিল, বাকি দাবিগুলি পূরণ না হলে ফের আন্দোলনের পথে যেতে পারে তারা

এর পরেও সংঘাত পুরোপুরি থামেনি। ২০ জুলাইয়ের সংসদ অভিযানে পুলিশি পদক্ষেপের অভিযোগ নিয়ে সুপ্রিমকোর্টে বিষয়টি ওঠে। ১৮ আগস্ট শীর্ষ আদালত ওই ঘটনাকে ঘিরে অভিযোগ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের উদ্যোগ নেয়। একই সময়ে সিজেপি অভিযোগ করে, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির বিষয়ে কেন্দ্র এখনও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। ফলে আগামী  ৫ সেপ্টেম্বর আবারও পথে নামছে ককরোচ জনতা পার্টি।