পুবের কলম, ওয়েবডেস্ক: দক্ষিণ ভারতের কেরালার বিখ্যাত গুরুবায়ুর শ্রীকৃষ্ণ মন্দিরে ঘটল এক অভূতপূর্ব ঘটনা। এক দিনে, মাত্র সাড়ে সাত ঘণ্টার ব্যবধানে রেকর্ড ৪১৬টি বিয়ে সম্পন্ন করে ইতিহাস গড়ল মন্দির কর্তৃপক্ষ। মালয়ালম 'চিংগম' মাসের প্রথম রবিবারের অত্যন্ত শুভ তিথিতে আয়োজিত এই মেগা বিবাহের অনুষ্ঠানটি মন্দিরের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর এক দিনে ৩৩৪টি বিয়ের রেকর্ড ছিল এই মন্দিরের ঝুলিতে। এ দিন স্পট বুকিং সহ মোট ৪৪২টি বিয়ের নিবন্ধন হয়েছিল, যার মধ্যে ৪১৬টি জোড়া বিবাহবন্ধনে আবদ্ধ হন।


 
রবিবার ভোর ৪:১০ মিনিটে পূর্ব প্রবেশদ্বারের (কিঝক্কে নাডা) ১ নম্বর মণ্ডপে ঐতিহ্যবাহী প্রদীপ জ্বালিয়ে রেকর্ড সৃষ্টিকারী এই বিবাহ যজ্ঞের আনুষ্ঠানিক সূচনা করেন গুরুবায়ুর দেবস্বম বোর্ডের চেয়ারম্যান এ ভি গোপীনাথ। কন্নুরের থ্যালাসেরির বাসিন্দা অর্ণব মোহন কুমার এবং পাঝায়াঙ্গাদির বাসিন্দা বিদ্যা আনন্দ রাজের বিবাহের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা ঘটে। মূল প্রবেশদ্বারের পাশাপাশি আরও ৫টি আলাদা মণ্ডপে একযোগে একটানা বিয়ের পর্ব চলতে থাকে।
 
এক দিনে হাজার হাজার পুণ্যার্থী ও বর-কনের আত্মীয়দের ভিড় সামলাতে সমন্বিত ও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। গুরুবায়ুরের এসিপি সুরেন্দ্রন মাঙ্গাট এবং মন্দির সিআই জয়প্রদীপের নেতৃত্বে ১০০ জনেরও বেশি সিভিল পুলিশ কর্মী মন্দির চত্বরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। অগ্নি ও উদ্ধারকারী দলের সদস্য এবং ফায়ার অফিসার সাজিত লালের নেতৃত্বে জরুরি অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখা হয়।