পুবের কলম, লখনউ: বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ ও ট্রেনে ভ্রমণের অভিযোগে উত্তরপ্রদেশের মির্জাপুর রেলওয়ে স্টেশন থেকে রিয়াজ আহমেদ (২৩) নামের এক বাংলাদেশী যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবক বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাসিন্দা। আসামের কামাখ্যা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়া ‘ব্রহ্মপুত্র মেল’ এক্সপ্রেসের একটি বাতানুকূল কামরায় টিকিট ছাড়াই ভ্রমণ করছিলেন তিনি। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে আরপিএফ জওয়ানরা ট্রেনটিতে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করেন।

আরপিএফ কর্তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় রিয়াজ স্বীকার করেছেন যে তিনি দিল্লি হয়ে কাশ্মীরে যাওয়ার পরিকল্পনা করছিলেন।

তবে তাঁর নথিপত্র পরীক্ষা করে দেখা যায়, ভারতে প্রবেশ বা ভ্রমণের জন্য প্রয়োজনীয় বৈধ পাসপোর্ট, ভিসা বা অন্য কোনো সরকারি কাগজপত্র তাঁর কাছে ছিল না। ঘটনার তদন্তে পুলিশ ও আরপিএফ যৌথভাবে যে বিষয়গুলো খতিয়ে দেখছে। ধৃত যুবক ঠিক কোন সীমান্ত এলাকা দিয়ে কীভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। তিনি একা ভ্রমণ করছিলেন নাকি নেপথ্যে কোনো চক্র কাজ করছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কাশ্মীরে যাওয়ার পেছনে তাঁর প্রকৃত উদ্দেশ্য কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ধৃত যুবকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে আরপিএফ।