পুবের কলম, ভোপাল: মধ্যপ্রদেশে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষক নিয়োগে পদবৃদ্ধির দাবিতে ভোপালের নীলম পার্কে চাকরিপ্রার্থীদের ধর্না ও অনশন অব্যাহত। গত ২১ আগস্ট থেকে শুরু হওয়া এই আন্দোলনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা প্রার্থীরা ছোট সন্তানদের সঙ্গে নিয়ে অবস্থান করছেন। আন্দোলনকারীদের দাবি, দ্রুত পদসংখ্যা বাড়িয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন:
ইন্দোর, উজ্জয়িনী, গোয়ালিয়র, জবলপুর-সহ বিভিন্ন জেলা থেকে প্রার্থীরা এই বিক্ষোভে যোগ দিয়েছেন।
তাঁদের দাবি, সরকারি স্কুলগুলিতে হাজার হাজার শিক্ষক পদ খালি থাকলেও নিয়োগে তুলনামূলকভাবে অল্প সংখ্যক পদ রাখা হয়েছে। ফলে বহু যোগ্য প্রার্থী চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। আন্দোলনকারীদের তিনটি প্রধান দাবি রয়েছে। দ্বিতীয় শ্রেণির শিক্ষক নিয়োগে প্রতিটি বিষয়ে আরও ৩,০০০টি পদ বাড়ানো, তৃতীয় শ্রেণির শিক্ষক নিয়োগে পদসংখ্যা বাড়িয়ে ২৫,০০০ করা এবং রাজ্যের সমস্ত শূন্যপদকে বর্তমান নিয়োগের সঙ্গে যুক্ত করে দ্বিতীয় দফার কাউন্সেলিং আয়োজন করা।আরও পড়ুন:
চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, এই দাবিতে তাঁদের এটি ১৩তম আন্দোলন। এর আগে মাথা মুড়িয়ে, রক্ত দিয়ে চিঠি লিখে এবং স্মারকলিপি দিয়েও প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। এবার ২১ আগস্ট রাত থেকে কয়েকজন প্রার্থী অনশন শুরু করেছেন। আন্দোলনকারীদের বক্তব্য, চাকরির এই লড়াই এখন শুধু তাঁদের ব্যক্তিগত ভবিষ্যতের বিষয় নয়, পরিবারের ভবিষ্যতের সঙ্গেও জড়িত। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত নীলম পার্কে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। তাঁদের স্লোগান, ‘চাকরি দিন, নইলে মৃত্যু।’