পুবের কলম ওয়েব ডেস্ক: আগামী ২০২৭ সালের এপ্রিল মাসের মধ্যেই ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারে যুক্ত হতে চলেছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক একে-২০৩ রাইফেল, যার নাম দেওয়া হয়েছে ‘শের’। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে উত্তরপ্রদেশের আমেঠিতে অবস্থিত ইন্দো-রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেড (আইআরআরপিএল) এই রাইফেল তৈরি করছে। আমদানি নির্ভরতা কমিয়ে দেশের মাটিতেই অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে এই উদ্যোগ ‘আত্মনির্ভর ভারত’-এর লক্ষ্যপূরণে একটি উল্লেখযোগ্য অগ্রগতি।
আরও পড়ুন:
সংস্থার প্রধান নির্বাহী কর্তা মেজর জেনারেল এস কে শর্মা নিশ্চিত করেছেন, কারখানার অন্দরে ইতিমধ্যেই এই প্রোটোটাইপ রাইফেলগুলির তিন হাজার বার সফল ফায়ারিং পরীক্ষা করা হয়েছে। তিনি আরও জানান, এই রাইফেলে কেবল কিছু দেশীয় যন্ত্রাংশের ব্যবহার হয়নি, বরং এটি আগাগোড়া সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।
আগামী এক মাস ধরে ভারতীয় সেনা ১০টি প্রোটোটাইপ রাইফেলের উপর চূড়ান্ত পরীক্ষানিরীক্ষা চালাবে।আরও পড়ুন:
জানা গিয়েছে, সেনার হাতে তুলে দেওয়া ওই ১০টি প্রোটোটাইপ ইউনিটকে বেশ কয়েকটি কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। এর মধ্যে রয়েছে ব্যবহারিক স্তরের পরীক্ষা, ডিরেক্টর জেনারেল অফ কোয়ালিটি অ্যাসিউরেন্সের মূল্যায়ন, মিলিটারি ইনফ্যান্ট্রি ট্রায়াল এবং গ্রীষ্মকালীন ও উচ্চ-পাহাড়ি পরিবেশে কার্যকারিতার যাচাই। সেনার আধুনিকীকরণে এই অত্যাধুনিক রাইফেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। সেই লক্ষ্যেই এখন আমেঠির কারখানায় দেশীয় প্রযুক্তিতে এর উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানোর দিকে বিশেষ জোর দেওয়া হচ্ছে।