পুবের কলম ওয়েবডেস্ক, সোমবার দিল্লি-এনসিআর সহ দেশের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। দিল্লিতে জল জমে যায় একাধিক এলাকায়, যানজট তৈরি হয় এবং বিমান পরিষেবাও ব্যাহত হয়। খারাপ আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দর থেকে ১৫টি উড়ান অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়। পরে ২৫ টি উড়ান বাতিল এবং প্রায় ৩৮০টি উড়ান দেরিতে চলার খবর পাওয়া যায়।
আরও পড়ুন:
উত্তরপ্রদেশে ১৯ টি জেলায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। প্রয়াগরাজে গঙ্গার জল বাড়ায় দারাগঞ্জ ঘাটের শ্মশান জলে ডুবে যায়।
ফলে রাস্তার উপরেই শেষকৃত্য করতে হয়েছে। ললিতপুরে সইর নালার উপর সেতু জলের তোড়ে ডুবে যায় এবং স্রোতে একটি বাইক ভেসে যায়। উন্নাওয়ে গঙ্গায় তলিয়ে যেতে থাকা দুই শিশু ও তাদের বাবাকে স্থানীয়রা উদ্ধার করেন।মধ্যপ্রদেশে জবলপুর, চম্বল ও নর্মদাপুরম-সহ বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি হয়েছে। অশোকনগরে বাইক-সহ এক যুবক জলের স্রোতে ভেসে যান। পন্না জেলার শাহপুরা নদীতেও জলের তোড়ে একটি ডাম্পার ভেসে যায়। চালক সাঁতরে প্রাণে বাঁচেন।
আরও পড়ুন:
ছত্রিশগঢ়ে মুঙ্গেলিতে সোমবার রাস্তায় যাওয়ার সময় বজ্রপাতে এক মহিলার মৃত্যু হয়। বিলাসপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঘোঙা নদীর প্রবল স্রোতে তিন শিশু ভেসে যায়। পরে তিনজনের দেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
অন্যদিকে বিহারে গঙ্গার জল বাড়ায় পটনা ও বক্সারের বেশ কিছু এলাকা জলের তলায় চলে যায়। ভাগলপুরের নবগছিয়ায় তীব্র ভাঙনে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে একটি গ্রামে জল ঢুকে পড়ে।
উত্তরাখণ্ডের পাউড়িতে ধস নেমে রাস্তার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে হিমাচল প্রদেশে সোমবার ৯৮টি রাস্তা বন্ধ ছিল।আরও পড়ুন:
ত্রিপুরার আগরতলায় ভারী বৃষ্টির পর বন্যা পরিস্থিতি তৈরি হলে এনিডিআরএফ- এর ৩০ সদস্যের দল অন্তত ২৫ জনকে উদ্ধার করে। তাদের মধ্যে এক গর্ভবতী মহিলাও ছিলেন।
আরও পড়ুন:
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,আগামী ২৫ ও ২৬ আগস্ট মধ্যপ্রদেশ, ছত্রিশগঢ় ও ওড়িশার কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।