দলবদলের অভিযোগে ২০ জন সাংসদের সাংসদ পদ খারিজের দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় বড় পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার মামলার শুনানিতে ২০ জন সাংসদকেই নোটিস দিয়েছে শীর্ষ আদালত। প্রত্যেককে নিজেদের বক্তব্য জানাতে বলা হয়েছে। দু’সপ্তাহ পর মামলাটির পরবর্তী শুনানি হবে।
আরও পড়ুন:
সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার-সহ ২০ জন ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদের বিরুদ্ধে দলবদলের অভিযোগ তুলে তাঁদের সাংসদ পদ খারিজের দাবি জানানো হয়েছে।
তাঁদের বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আবেদন করা হলেও দীর্ঘদিন ধরে তার নিষ্পত্তি হয়নি বলে অভিযোগ। সেই কারণেই দ্রুত সিদ্ধান্তের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।আরও পড়ুন:
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে মঙ্গলবার মামলাটির শুনানি হয়। অভিষেকের অভিযোগ, স্পিকারের কাছে আবেদন জানানো সত্ত্বেও বিষয়টির নিষ্পত্তি হচ্ছে না। তাই আদালতের হস্তক্ষেপ প্রয়োজন।
এর আগে জুলাই মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় ২০ জন সাংসদের পদ খারিজের দাবিতে স্পিকারের কাছে আবেদন করেছিলেন। অগস্টে ফের স্পিকারের সঙ্গে দেখা করে একই দাবি জানান অভিষেক। তাঁর অভিযোগ ছিল, ওই সাংসদরা প্রকাশ্যে নিজেদের এনসিপিআই-এর সদস্য বলে দাবি করলেও সংসদে তাঁদের নামের পাশে এখনও ‘এআইটিসি’ লেখা রয়েছে। এই দ্বৈত অবস্থান নিয়েই প্রশ্ন তুলেছিলেন তিনি।
এ বার সেই মামলাতেই সংশ্লিষ্ট ২০ সাংসদের বক্তব্য জানতে চাইল দেশের শীর্ষ আদালত। ফলে আগামী শুনানিতে তাঁদের জবাবের দিকে নজর থাকবে।