পুবের কলম ওয়েব ডেস্ক: প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা টলিউড অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ফের একবার ‘দাদাগিরি’-র গুরুতর অভিযোগ উঠল। পাওনা টাকা চাইতে যাওয়ায় এক কাঠমিস্ত্রিকে ফ্ল্যাটে ডেকে মারধর করার অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় নির্যাতিত কাঠমিস্ত্রি রাজ কাপুর শর্মা সরাসরি বেহালা থানার দ্বারস্থ হয়ে অভিনেতার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুন:
অভিযোগকারী রাজ কাপুর শর্মা জানিয়েছেন, প্রায় দেড়-দু'মাস আগে সোহমের একটি ফ্ল্যাটে আসবাবপত্র তৈরির কাজের চুক্তি হয়েছিল তাঁর। সেই সময় কাজের অগ্রিম হিসেবে তাঁকে ৩০ হাজার টাকা দেওয়া হয় এবং কথা ছিল কাজ সম্পূর্ণ হলে বাকি টাকা মিটিয়ে দেওয়া হবে।
অভিযোগ, সম্প্রতি সেই কাজ শেষ হওয়ার পর রাজ তাঁর প্রাপ্য বকেয়া প্রায় ৮০ হাজার টাকা চাইলে অভিনেতা তা দিতে স্পষ্ট অস্বীকার করেন।আরও পড়ুন:
নির্যাতিত কাঠমিস্ত্রি আরও জানান, রবিবার অভিনেতার এক নিরাপত্তারক্ষী তাঁকে ফোন করে দেখা করতে বলেন। সেই মতো সোমবার রাজ সেখানে গেলে টাকা দেওয়ার নাম করে তাঁকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। এরপর তিনি বকেয়া টাকা দেওয়ার কথা বললে তাঁর সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়। অভিযোগ, তাঁর মোবাইল ফোনটি জোর করে কেড়ে নিয়ে তাঁকে ব্যাপক মারধর করা হয় এবং রীতিমতো ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়।
এই ঘটনার পর এখনও পর্যন্ত অভিনেতা সোহম চক্রবর্তীর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।আরও পড়ুন:
উল্লেখ্য, সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এমন অশোভন আচরণের অভিযোগ এই প্রথম নয়। বিধায়ক থাকাকালীন সল্টলেকের একটি রেস্তরাঁয় শুটিং করতে গিয়ে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে মালিক ও কর্মীদের সঙ্গে বচসা এবং হাতাহাতিতে জড়িয়েছিলেন তিনি। সেই ঘটনা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হলে পরে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন অভিনেতা। তবে এবারের এই অভিযোগের জল কতদূর গড়ায়, সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।