পুবের কলম ওয়েবডেস্ক, টানা দ্বিতীয় দিন ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি-এনসিআর। মঙ্গলবার সকাল থেকেই দিল্লির বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি চলছে। এইমস উড়ালপুল, কনট প্লেস, আইটিও, আরকে পুরম-সহ একাধিক এলাকায় তিন থেকে চার ফুট পর্যন্ত জল জমেছে। যান চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। দিল্লি-গুরুগ্রাম সংযোগকারী ৪৮ নম্বর জাতীয় সড়কের মহিপালপুর এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
গুরুগ্রামে পরিস্থিতির জেরে মঙ্গলবার সরকারি দফতর, স্কুল-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শহরের একাধিক এলাকায় প্রায় তিন ফুট জল জমেছে। আগের দিনও জলমগ্ন রাস্তায় স্কুলবাস আটকে পড়েছিল।
আরও পড়ুন:
দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করেছে। সোমবার খারাপ আবহাওয়ার কারণে প্রায় ৩৯০টি উড়ান দেরিতে চলেছে, ১৫টি অন্যত্র পাঠানো হয়েছে এবং ২৬টি উড়ান বাতিল হয়েছে।
আরও পড়ুন:
এদিকে উত্তরপ্রদেশেও ভারী বৃষ্টির জেরে পরিস্থিতি উদ্বেগজনক। বারাণসীতে সোমবার রাত ৮টা থেকে বৃষ্টি চলছে। মঙ্গলবারও রাজ্যের ১৫ টি শহরে বৃষ্টি হয়েছে। বারাণসীতে স্কুল বন্ধ রাখা হয়েছে। বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে।
মথুরার বহু রাস্তা ও বসতি জলমগ্ন হয়ে পড়েছে।আরও পড়ুন:
লখিমপুরে বাঁধ ভাঙার খবরও এসেছে। মধ্যপ্রদেশের ভোপাল, বিদিশা-সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হয়েছে। টিকমগড়, দামোহ, নরসিংহপুর, বৈতুল ও রাজগড়ে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ২৭ আগস্ট পর্যন্ত মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, কেরল-সহ ১৫টি রাজ্যে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা রয়েছে।