স্কুলের নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়ে করা এক মুসলিম ছাত্রীর আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাই কোর্ট। আদালত জানিয়েছে, ইসলামে হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় কর্তব্য নয়। তাই ধর্মীয় স্বাধীনতার যুক্তি দেখিয়ে স্কুলের নির্ধারিত ইউনিফর্মের নিয়ম থেকে ছাড় দাবি করা যায় না।
একাদশ শ্রেণির ওই ছাত্রী জানিয়েছিল, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত একই স্কুলে পড়ার সময় ইউনিফর্মের সঙ্গে হিজাব পরলেও কর্তৃপক্ষ আপত্তি করেনি।
বিচারপতি জে জে মুনির এবং বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লার বেঞ্চ জানিয়েছে, হিজাব পরিধান ইসলামের এমন কোনও আবশ্যিক ধর্মীয় অনুশীলন নয়, যা না করলে মুসলিমদের ধর্মীয় বিশ্বাস বা পরিচয় ক্ষতিগ্রস্ত হবে। ফলে এই ক্ষেত্রে ধর্মীয় স্বাধীনতার সাংবিধানিক অধিকার দেখিয়ে স্কুলের পোশাকবিধি থেকে ছাড় পাওয়া যাবে না।
আদালত আরও বলেছে, স্কুলের ইউনিফর্মের উদ্দেশ্য হল সমস্ত পড়ুয়ার মধ্যে সমতা বজায় রাখা এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা নিশ্চিত করা। ব্যক্তিগত বা ধর্মীয় পছন্দের কারণে সেই নির্ধারিত পোশাকবিধি পরিবর্তন করা যায় না। এর আগে একাধিক মামলায় আদালত হিজাবকে ইসলামের বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয় বলে যে অবস্থান নিয়েছে, এলাহাবাদ হাই কোর্টও সেই অবস্থানই বহাল রেখেছে। ফলে ওই ছাত্রীকে স্কুলের নির্ধারিত ইউনিফর্মবিধি মেনেই চলতে হবে।