পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে পালাবদলের তিন মাসের মাথায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বারুইপুরে এক সক্রিয় বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। এই ঘটনায় দলেরই চার সদস্যকে গ্রেপ্তার করেছে বারুইপুর জেলা পুলিশ। মঙ্গলবার ধৃতদের বারুইপুর আদালতে পেশ করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত কর্মীর নাম বাপি প্রামাণিক।

দীর্ঘদিন ধরে এলাকার সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত বাপি, তৃণমূলের অত্যাচারে অতীতে বহুদিন ঘরছাড়া ছিলেন। সম্প্রতি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর তিনি নিরাপদে বাড়ি ফিরে একটি দোকানও চালু করেছিলেন। অভিযোগ, গত রবিবার রাতে তাঁকে ফোন করে বাড়ি থেকে ডেকে পাঠানো হয়। এরপর মাঝরাস্তায় তাঁকে বেধরম মারধর করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়, যার ফলে তাঁর মৃত্যু হয়।

পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সোমবার রাতে উত্তর ট্যাঙ্গারবেড়িয়া এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম সুজন মণ্ডল, কৃষ্ণ মণ্ডল, কনক মণ্ডল ও অনিল নাইয়া। এদের মধ্যে মূল চক্রী হিসেবে সুজন মণ্ডলের নাম উঠে এসেছে। পরিবারের দাবি, ধৃত সুজন মণ্ডল পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। যদিও গেরুয়া শিবিরের প্রাক্তন জেলা সভাপতির দাবি, সুজন আগেই দল থেকে সাসপেন্ড হয়েছিল। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।