পুবের কলম ওয়েবডেস্ক, বঙ্গোপসাগরে ফের আবহাওয়ার বদলের ইঙ্গিত। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় পরিস্থিতির পরিবর্তনের জেরে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে উত্তাল হতে পারে উপকূল। তাই ২৯ থেকে ৩১ আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করেছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ-সহ বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি কিছু জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গও বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ-সহ প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সঙ্গে দমকা হাওয়াও হতে পারে। কলকাতায় শনিবার মূলত মেঘলা আকাশ থাকবে।

দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। তবে বৃষ্টি হলেও আর্দ্রতার দাপট কমার সম্ভাবনা কম। ফলে শহরবাসীর অস্বস্তিও খুব একটা কাটবে না। অর্থাৎ, বর্ষার শেষলগ্নেও বঙ্গোপসাগরের পরিস্থিতি পুরোপুরি শান্ত নয়। উপকূলের পাশাপাশি স্থলভাগেও আগামী কয়েকদিন নজর রাখতে হবে আকাশের গতিবিধির দিকে।