উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন সামনে রেখে রাজনৈতিক তৎপরতা বাড়াতে চাইছে কংগ্রেস। নির্বাচন কমিশন ভোটের প্রাথমিক প্রস্তুতি শুরু করায় সময় নষ্ট না করে এখন থেকেই সংগঠন মজবুত করার পরিকল্পনা নিয়েছে হাত শিবির। তবে এবার একা নয়, সমাজবাদী পার্টির সঙ্গে জোট করেই নির্বাচনে লড়তে আগ্রহী কংগ্রেস।
আরও পড়ুন:
আসন সমঝোতা নিয়ে শেষ মুহূর্তের টানাপোড়েন এড়াতে এখন থেকেই সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে রাহুল গান্ধীর আলোচনা শুরু হোক, এমনটাই চাইছে এআইসিসি। যদিও রাহুলের মত, প্রথমে জেলাস্তরে দুই দলের নেতাদের মধ্যে সমন্বয় তৈরি করা প্রয়োজন।
রাজ্য নেতৃত্বের উদ্যোগে সেই বোঝাপড়া গড়ে ওঠার পর অখিলেশের সঙ্গে তিনি আলোচনায় বসবেন।কংগ্রেস সূত্রের খবর, জোট হলে প্রাথমিকভাবে ১৩৬টি আসন দাবি করার পরিকল্পনা রয়েছে তাদের। তবে ২০২২ সালের নির্বাচনী ফলের দিকে তাকালে এতগুলি আসন সমাজবাদী পার্টি দেবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ৪০৩ আসনের বিধানসভায় ২০২২ সালে কংগ্রেস ৩৯৯টি আসনে লড়ে মাত্র দুটিতে জয় পেয়েছিল। অন্যদিকে সমাজবাদী পার্টি ৩৪৭টি আসনে লড়ে ১১১টি আসন জেতে। বিজেপি ৩৭৬টি আসনে লড়ে ২৫৫টি আসন দখল করে।
এদিকে অযোধ্যার রামমন্দিরের প্রণামির অর্থ নিয়ে অভিযোগকে নির্বাচনী প্রচারে বড় ইস্যু করতে চাইছে কংগ্রেস। দলটির তরফে ‘ঘর ঘর চুরি’ স্লোগানও তৈরি করা হয়েছে। সংসদের বাদল অধিবেশনে এই ইস্যুতে কংগ্রেস ও সমাজবাদী পার্টি একসঙ্গে সরব হয়েছিল। সেই সমন্বয়কে কাজে লাগিয়েই আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে জোট গড়ার প্রস্তুতি নিচ্ছে দুই দল।