নেপালে ভয়াবহ হড়পা বানের দু’দিন পরও উত্তরাঞ্চলের ভোটেকোশী নদীর দুই পাড়ে ধ্বংসস্তূপের চিত্র। শুক্রবার সকাল পর্যন্ত ৪৬৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে নেপাল পুলিশ। আহত হয়েছেন শতাধিক। চিনের তিব্বত-সহ দুই দেশ মিলিয়ে এখনও নিখোঁজ প্রায় ১৪৭০ জন।

তাঁদের মধ্যে নেপাল ও চিন ছাড়া অন্যান্য দেশের ৫১৭ নাগরিক রয়েছেন, যার মধ্যে ২৯০ জন ভারতীয়। এখনও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এর মধ্যেই ফের হড়পা বানের আশঙ্কায় নেপালকে সতর্ক করেছে চিন। হিমবাহধসের পর পাহাড়ি নদীগুলিতে জমে থাকা পাথর, তুষার ও কাদামাটি অস্থায়ী বাঁধের মতো কাজ করছে।
সেগুলি ভেঙে গেলে ফের ভয়াবহ জলস্রোত নেমে আসতে পারে বলে আশঙ্কা। নদীতীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উদ্ধারকাজে নেপাল পুলিশ, সেনা ও সশস্ত্র পুলিশ বাহিনীর প্রায় ১৪ হাজার সদস্য মোতায়েন রয়েছেন। হেলিকপ্টারে ইতিমধ্যে ১১৯৬ জনকে উদ্ধার করা হয়েছে। ভারতও নেপালে ত্রাণসামগ্রী পাঠিয়েছে। সাহায্যের আশ্বাস দিয়েছে আমেরিকাও।