পুবের কলম ওয়েব ডেস্ক: নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে সেদেশের নাগরিকদের পাশাপাশি ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সেখানে থাকা ভারতীয়রা। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই বিপর্যয়ের জেরে এখনও পর্যন্ত অন্তত ২৮৮ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন। পাশাপাশি, নেপাল হয়ে কৈলাস-মানস সরোবর যাত্রায় গিয়ে চিনে আটকে পড়েছেন ২০০ জন ভারতীয় তীর্থযাত্রী। অন্যদিকে, সময় যত গড়াচ্ছে নেপালে মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। এখনও পর্যন্ত সেখানে ৩৫৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এদিন এক সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, দীর্ঘ চেষ্টার পর তামিলনাড়ুর ২১ জন বাসিন্দাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নেপালের ত্রিশূলী বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৭৩ জন ভারতীয় এখনও নিখোঁজ রয়েছেন। বিপর্যয়ের জেরে নেপালের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় উদ্ধারকাজে চরম বেগ পেতে হচ্ছে। বিভিন্ন ট্রাভেল এজেন্সি এবং নেপালে কর্মরত ভারতীয়দের তথ্যের ভিত্তিতে নিখোঁজের এই প্রাথমিক হিসাব দেওয়া হলেও, বাস্তবে এই সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। বেজিং ও নেপালের ভারতীয় দূতাবাসের মাধ্যমে আটকে পড়া তীর্থযাত্রীদের সঙ্গে যোগাযোগের নিরন্তর চেষ্টা চালানো হচ্ছে।

নিখোঁজদের পরিবারকেও নিয়মিত সমস্ত তথ্য জানানো হচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই নেপালের পাশে দাঁড়িয়েছে ভারত। বুধবারই ভারতের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, একটি বিশেষ বিমানে বুধবার রাতে ১০ টন এবং বৃহস্পতিবার সকালে অপর একটি বিমানে সাড়ে ৩৭ টন ত্রাণসামগ্রী কাঠমান্ডুতে পৌঁছেছে। নিখোঁজদের উদ্ধারে সহায়তা করতে এবং সার্বিক পরিস্থিতি নজরে রাখতে ভারত, নেপাল এবং বেজিংয়ের দূতাবাসে বিশেষ কন্ট্রোল রুম ও হেল্পলাইন চালু করেছে বিদেশমন্ত্রক।