পুবের কলম ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার দুপুরে উত্তরপ্রদেশের কানপুরে গঙ্গা ব্যারাজের কাছে একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানে থাকা দু'জন পাইলট প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে একজন ছিলেন শিক্ষানবিশ এবং অন্যজন প্রশিক্ষক।

গঙ্গা ব্যারাজ সংলগ্ন নাত্তুপুরওয়া গ্রামের একটি মাঠে হঠাৎই বিমানটি আছড়ে পড়ে এবং পুরোপুরি দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। দুর্ঘটনার পর তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই দু'জনের মৃত্যু হয়। জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজনের বাড়ি গুজরাতে এবং অন্যজনের কর্ণাটকে। তাঁদের মধ্যে এক পাইলটের প্রায় তিন হাজার ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, চার আসনের জোড়া ইঞ্জিনের ওই ছোট বিমানটি 'গর্গ অ্যাভিয়েশন' নামের একটি সংস্থার। তারা ওই এলাকায় একটি ফ্লাইং স্কুল চালায়। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। অসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা (ডিজিসিএ)-কে ইতিমধ্যেই দুর্ঘটনার খবর জানিয়েছে পুলিশ। পাশাপাশি, এই দুর্ভাগ্যজনক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।