পুবের কলম ওয়েব ডেস্ক: নেপালের সাম্প্রতিক হড়পা বান ও ভয়াবহ ধ্বংসযজ্ঞের জেরে তিব্বতে ইয়ারলুং সাংপো নদীর ওপর চিনের সুবিশাল বাঁধ নির্মাণ প্রকল্প নিয়ে উদ্বেগ তীব্র হয়েছে। নদী বিশেষজ্ঞদের একাংশের মতে, অরুণাচল সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে নির্মীয়মাণ বেজিংয়ের এই প্রকল্প ভারতের জন্য কার্যত এক ‘টাইমবোমা’। তাঁদের আশঙ্কা, নদীর মূল নিয়ন্ত্রণ চিনের হাতে চলে গেলে গ্রীষ্মকালে ভারত ও বাংলাদেশের মতো নিম্নাঞ্চলীয় অববাহিকায় প্রায় ৮৫ শতাংশ পর্যন্ত জলপ্রবাহ হ্রাস পেতে পারে, যা কৃষি, শিল্প ও পরিবেশের ওপর মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। একইসঙ্গে বাঁধে কোনো বিপর্যয় ঘটলে নিম্নাঞ্চলে বিধ্বংসী বন্যার ঝুঁকিও তৈরি হবে।

চিনের এই সম্ভাব্য কৌশলগত হুমকির মোকাবিলায় ইতিমধ্যেই তৎপর হয়েছে নয়াদিল্লি।

অরুণাচল প্রদেশে তৈরি হতে চলেছে দেশের বৃহত্তম ‘সিয়াং আপার মাল্টিপারপাস প্রোজেক্ট’। প্রস্তাবিত এই প্রকল্পের মাধ্যমে ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সীমান্ত পেরিয়ে আসা আকস্মিক বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করছে কেন্দ্র।

এদিকে নেপালের রসুয়া জেলায় সম্প্রতি বয়ে যাওয়া হড়পা বানের সূত্রপাতও ঘটেছিল চিনের তিব্বত থেকে নেমে আসা প্রবল জলস্রোত থেকেই। তিব্বতে ৪.৪ মাত্রার মৃদু ভূমিকম্প নাকি হিমবাহ-সৃষ্ট হ্রদের বাঁধ ভেঙে এই দুর্যোগের সৃষ্টি হয়েছিল, তা খতিয়ে দেখছেন আবহাওয়াবিদরা। তবে উজানের কোনো বিপর্যয় নিম্নাঞ্চলের লক্ষ লক্ষ মানুষের জীবন কীভাবে তছনছ করে দিতে পারে, নেপালের ঘটনাই তার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।