পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের দেওরিয়ায় এক সেনা জওয়ানের নিজস্ব জমি ভূ-মাফিয়া ও স্থানীয় প্রভাবশালীদের দ্বারা বেআইনিভাবে দখলের মারাত্মক অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেছে। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) কর্মরত হাবিলদার বীর বাহাদুর সিং একটি ভিডিও বার্তা প্রকাশ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে সুবিচারের দাবি জানান। তবে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর দেওরিয়া পুলিশ একে জমি মাফিয়ার হামলা নয়, বরং জওয়ানের নিজস্ব পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিবাদ বলে দাবি করেছে।
 
প্রকাশিত ভিডিও বার্তায় সেনা জওয়ান বীর বাহাদুর সিং জানান, গত ১৯ আগস্ট তিনি ভিডিওটি ধারণ করেছেন। তিনি বলেন,"জয় হিন্দ।

আমি বীর বাহাদুর সিং, বর্তমানে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন রয়েছি। গত ১৭ এপ্রিল আমি মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জীর সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছিলাম। এমনকি সেনাবাহিনীর পক্ষ থেকেও সুবিচার চেয়ে দুটি চিঠি পাঠানো হয়েছে। তা সত্ত্বেও স্থানীয় প্রভাবশালী ও জমি মাফিয়াদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি।" ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিয়ে জওয়ান বলেন, "দেওরিয়া জেলার চুরিয়া গ্রামটি কি আপনার এক্তিয়ারভুক্ত এলাকার মধ্যে পড়ে না?
" একই সাথে প্রশাসন অবিলম্বে বিচার এবং তাঁর পরিবারকে নিরাপত্তা না দিলে অপ্রীতিকর ঘটনা বা চরম পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
 
ভাইরাল ভিডিওটি নজরে আসার পর বিষয়টি খতিয়ে দেখে আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছেন দেওরিয়া পুলিশের কর্মকর্তা গৌরব সিং। পুলিশের বক্তব্য অনুযায়ী, ঘটনাটি দেওরিয়া জেলার লার থানা এলাকার চুরিয়া গ্রামের। পুলিশের তদন্তে জানা গেছে, এটি মূলত একটি শরিকি বা পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিবাদ। জওয়ান বীর বাহাদুর সিংয়ের বাবা রাজা সিং এবং তাঁর দুই ভাই রামনারায়ণ সিং ও সুগ্রীব সিংয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জওয়ানের অভিযোগের সত্যতা যাচাই করতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বিষয়টি পর্যবেক্ষণ করছে।