পুবের কলম, লখনউ: উত্তরপ্রদেশের কানপুরের পানকি শিল্পাঞ্চলের একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একটি জঞ্জাল বা ময়লার স্তূপে উপচে পড়া ভিড় জমিয়েছেন বহু মানুষ। কোনো মূল্যবান সামগ্রী নয়, ডাম্পিং ইয়ার্ডে ফেলে দেওয়া মেয়াদউত্তীর্ণ চকলেট ও টফি কুড়াতে একপ্রকার হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয়দের মধ্যে। ভাইরাল ভিডিয়োতে দেখা গেছে, খবরটি ছড়িয়ে পড়া মাত্রই ডাম্পিং সাইটে ডজন ডজন মানুষ এসে জমা হন। অনেকে খালি হাতেই মাটি থেকে মুঠি মুঠি চকলেট তুলে নিচ্ছেন, আবার অনেকে আগে থেকেই ব্যাগ, বস্তা ও পাত্র নিয়ে এসে কুড়ানো চকলেট ভর্তি করে বাড়ি নিয়ে যাচ্ছেন।
সূত্রের দাবি অনুযায়ী, একটি স্থানীয় কারখানার মালিক চকলেট ও টফির নির্দিষ্ট একটি ব্যাচ মোটামুটিভাবে মেয়াদের বাইরে বা বিক্রির অনুপযোগী হয়ে যাওয়ার পর তা ওই খোলা ডাম্পিং গ্রাউন্ডে ফেলে দিয়ে যান। এই খবর ছড়িয়ে পড়ার পর আশেপাশের এলাকা থেকে মানুষ এসে ময়লার স্তূপ থেকে সমস্ত পণ্য সাফ করতে শুরু করেন। তবে সংগৃহীত চকলেটগুলো দিয়ে তারা কী করবেন—নিজেদের ব্যবহারের জন্য নাকি বাজারে পুনরায় বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে গেছেন—তা ভিডিয়োতে স্পষ্ট নয়। কিন্তু বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাঁদের মতে, খোলা জায়গায় ফেলে রাখা মেয়াদউত্তীর্ণ মিষ্টি বা চকলেট খাওয়া অত্যন্ত স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। কারণ সেগুলো কতটা নষ্ট হয়েছে বা কতক্ষণ সেখানে ছিল তা স্পষ্ট নয়।