পুবের কলম ওয়েব ডেস্ক: মার্কিন হামলায় প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর এবার প্রতিশোধ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ব্যারন ট্রাম্পকে নিশানা করল ইরান। খামেনেই-পুত্র মোজতবার হুমকির পরই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন 'চ্যানেল ৩'-এ কুড়ি বছর বয়সি ব্যারনের গতিবিধি নিয়ে একটি বিতর্কিত ভিডিও প্রকাশ করা হয়েছে। 'কোথায় হত্যা করা হবে ব্যারনকে?' শিরোনামের ওই ভিডিওতে ট্রাম্প-পুত্রকে খুনের জন্য ১০ মিলিয়ন ডলার বা প্রায় ৯০ কোটি টাকা পুরস্কারও ঘোষণা করেছে তেহরান।
আরও পড়ুন:
আইআরজিসি পরিচালিত ওই সংবাদমাধ্যমের ভিডিওটিতে ব্যারনের দৈনন্দিন কার্যকলাপ এবং কড়া নিরাপত্তার ফাঁকফোকরগুলি প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, সম্প্রতি একটি সমাবেশে নিরাপত্তার বলয় ভেঙে এক অজ্ঞাতপরিচয় মহিলা ব্যারনের ঠিক পাশেই বসেছিলেন। এছাড়া, কঠোর নিরাপত্তা বিধি এড়িয়ে ব্যারন কীভাবে এক্সবক্স, ফিফা ভিডিও গেম এবং ডিসকর্ড অ্যাকাউন্টের মাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ রাখেন, তা-ও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এই ভিডিও প্রকাশ্যে আসার পরই চরম উদ্বেগে পড়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি।
উল্লেখ্য, এর আগে গত মাসে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়েও একই ধরনের একটি ভিডিও প্রকাশ করেছিল ইরান। 'কীভাবে মেলানিয়াকে খুন করা যায়' শীর্ষক সেই ভিডিওতে তাঁর ম্যানহাটনে কেনাকাটা করতে যাওয়ার স্থান ও নিরাপত্তার খুঁটিনাটি তুলে ধরা হয়েছিল।
আরও পড়ুন:
এমনকি মেলানিয়ার তিন জন ব্যক্তিগত স্টাইলিস্টকে মোটা টাকার ঘুষ দিয়ে তাঁর পোশাকে বিষ প্রয়োগের ছকের কথাও বলা হয়। সেই ভিডিওর শেষেই ব্যারন ট্রাম্পকে উদ্দেশ্য করে হুমকি দিয়ে বলা হয়েছিল, ‘এটা সবে শুরু, ব্যারন ট্রাম্প আমাদের জন্য অপেক্ষা করো।’ সেই হুমকির রেশ ধরেই এবার সরাসরি ট্রাম্প-পুত্রের নিরাপত্তার তথ্য ফাঁস করে ভিডিও প্রকাশ করল ইরান।