পুবের কলম, ওয়েবডেস্ক: যোগ গুরু বাবা রামদেবের নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি এবং মন্তব্য নিয়ে কড়া সমালোচনা করলেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। রামদেব 'শালীনতার সমস্ত সীমা অতিক্রম করেছেন' এবং নিজের 'গেরুয়া পোশাকের অপমান করেছেন' বলে অভিযোগ তোপ দাগলন পদ্ম সাংসদ। কঙ্গনা বলেন, নারীদের সম্পর্কে মন্তব্য করার আগে রামদেবের নিজের মানসিকতা নিয়ে 'আত্মচিন্তা' করা উচিত।
 
সম্প্রতি যন্তর মন্তরে আন্দোলনরত তরুণদের উদ্দেশ্যে কঙ্গনার করা 'জেনারেশন গটার' মন্তব্যকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত হয়। এই মন্তব্যের জন্য বিনোদন জগৎ ও সমাজের নানা স্তর থেকে কঙ্গনা সমালোচিত হন।

বাবা রামদেবও প্রকাশ্যে কঙ্গনার এই মন্তব্যের বিরোধিতা করেছিলেন। তার জেরেই দুইজনের মধ্যে পাল্টাপাল্টি বাক্যবাণ শুরু হয়। এক বিবৃতিতে এবং পরবর্তীতে নিজের ইনস্টাগ্রাম পোস্টে কঙ্গনা রামদেবের মন্তব্যকে ব্যক্তিগত আক্রমণ ও প্রচার পাওয়ার চেষ্টা হিসেবে বর্ণনা করেন। যোগ গুরুকে নিশানা করে তিনি বলেন, "বাবাজী, আমার বয়স বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন। আমি অন্তত পতঞ্জলির মতো বিভ্রান্তিকর ও ভুয়ো দাবির জন্য সুপ্রিম কোর্টের কাছে কখনো ভর্ৎসনা খাইনি।
তাই আমাকে চরিত্রের পাঠ দেবেন না, আপনার থেকে আমার চরিত্র অনেক ভালো।" কঙ্গনার কথায়, রামদেব নারীদের নিয়ে যেভাবে কথা বলেন, তাতে সমাজ লজ্জিত হয়। একজন সন্ন্যাসীর পোশাক পরে এই ধরণের কুরুচিকর মন্তব্য শোভা পায় না।
 
কঙ্গনার এই তীব্র আক্রমণের জবাবে অবশ্য বিষয়টি বেশি বাড়াতে চাননি যোগ গুরু বাবা রামদেব। সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়ে তিনি বলেন, "এই দেশের মানুষ ভালো করেই জানেন স্বামী রামদেব কে এবং দেশের প্রতি তাঁর অবদান কী। তাই ওই স্তরের মানসিকতার মানুষের বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।" দুই গেরুয়া সমর্থক মধ্যে প্রকাশ্যে এই কাদা ছোড়াছুড়ি নিয়ে এখন রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে জোর চর্চা চলছে।