পুবের কলম, ওয়েবডেস্ক: জয়পুর থেকে শ্রী গঙ্গানগরগামী একটি চলন্ত ট্রেনের এসি ২-টিয়ার কোচে গভীর রাতে এক মহিলা যাত্রীকে হেনস্তা করার গুরুতর অভিযোগ উঠল। ঘটনায় অভিযোগের তির পাশের কামরায় থাকা একদল যুবকের বিরুদ্ধে, যারা মদ্যপ অবস্থায় অশালীন গালিগালাজ করছিল বলে দাবি। ঘটনার সময় ট্রেনে কোনো পুলিশ বা নিরাপত্তা কর্মী না থাকায় ক্ষোভ উগরে দিয়ে একটি ভিডিয়ো তুলে ধরেছেন ওই মহিলা, যা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
অভিযোগকারী মহিলার দাবি, ঘটনাটি ঘটে রাত আনুমানিক ১টা নাগাদ। এসি ২-টিয়ার কামরায় সফর করার সময় পাশের সিটে বসে থাকা তিন যুবক মদ্যপান করছিল এবং প্রায় আধঘণ্টা ধরে ক্রমাগত কটু ও অশালীন ভাষা ব্যবহার করে যাচ্ছিল।
ভিডিয়োতে ওই মহিলা জানান, ঘটনার পর তিনি টিটিইর মাধ্যমে রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশকে বিষয়টি জানান। তাঁকে আশ্বাস দেওয়া হয় যে মাকড়ানা স্টেশনে পুলিশ উঠবে। কিন্তু নির্দিষ্ট স্টেশন পেরিয়ে গেলেও কোনো পুলিশ অফিসার আসেননি। পরবর্তীতে ডেগানা স্টেশনে নিরাপত্তা কর্মী ওঠার কথা বলা হলেও সেখানেও কেউ পৌঁছায়নি বলে মহিলার দাবি। ভিডিয়ো রেকর্ডিংয়ে ওই মহিলার পাশের কামরায় রাখা মদের বোতল এবং সংশ্লিষ্ট যুবকদের দেখা যায়। মহিলা অভিযোগ করেন, প্রতিবাদ করায় যুবকদের একজন তাঁর সন্তানদের মেরে ফেলার হুমকিও দেয়। ক্ষোভ প্রকাশ করে রেলে নারীদের নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রশ্ন তুলে তিনি বলেন, "নারীদের নিরাপত্তার বিষয়ে আপনারা কতটা আন্তরিক? প্রায় এক ঘণ্টা পার হয়ে গেলেও কোনো পুলিশের দেখা মেলেনি।"
এই ভিডিয়োর সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই ঘটনায় রেল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।