পুবের কলম ওয়েব ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কালীঘাট তৃণমূল’ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের মধ্যে দলের রাশ নিজেদের হাতে রাখা নিয়ে লড়াইয়ের মাঝেই এবার হাজির নতুন পক্ষ। এ বার মেঘালয় তৃণমূলের দাবি, তারাই নাকি ‘আসল তৃণমূল’।
বাংলায় নির্বাচনী বিপর্যয়ের পর তৃণমূলে বড়সড় ভাঙন ধরলেও মেঘালয়ে এখনও প্রধান বিরোধী দলের মর্যাদা ধরে রেখেছে ঘাসফুল শিবির। পাহাড়ি রাজ্যটিতে তৃণমূলের নিজস্ব পাঁচ জন বিধায়কের পাশাপাশি এক জন কংগ্রেস বিধায়কেরও সমর্থন রয়েছে। সেখানে বিরোধী দলনেতার দায়িত্বে রয়েছেন মুকুল সাংমা এবং রাজ্য সভাপতি পদে রয়েছেন চার্লস পিংরোপ।
এই আবহে মেঘালয় প্রদেশ তৃণমূল সভাপতি চার্লস পিংরোপ দাবি করেছেন, তাঁদের রাজ্যে কোনও নকলের জায়গা নেই এবং তাঁরাই হলেন আসল তৃণমূল। তবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির কাকে সমর্থন করছেন, তা এখনও স্পষ্ট করেননি। এর পাশাপাশি রাজ্যে দলের জনসমর্থনের সংকটের কথাও তিনি অকপটে স্বীকার করে নিয়েছেন। এমনকি যোগ্য প্রার্থীর অভাবেই যে তাঁরা সাম্প্রতিক লোকসভা উপনির্বাচনে প্রার্থী দিতে পারেননি, সে কথাও জানিয়েছেন পিংরোপ। পরিস্থিতি পর্যালোচনা করেই তাঁরা পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন মেঘালয় তৃণমূল নেতৃত্ব।