পুবের কলম, ওয়েবডেস্ক: স্কুলে পোশাকবিধির (ড্রেস কোড) সাথে হিজাব পরার আবেদন খারিজ করে দেওয়া এলাহাবাদ হাইকোর্টের রায়কে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। আদালতের এই রায়কে "ইসলামের ওপর আক্রমণ" বলে অভিহিত করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) প্রধান তথা হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। একই সাথে কোনটা ধর্মের জন্য অপরিহার্য তা ঠিক করার এক্তিয়ার বিচারকদের নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
 
হাইকোর্টের সিদ্ধান্তের সমালোচনা ওয়াইসি বলেন, "এটি আমাদের ধর্ম এবং কী অপরিহার্য তা আমরাই ঠিক করব। সিদ্ধান্ত নেওয়ার বিচারকরা কে?

এই রায় আমাদের ধর্মের ওপর আঘাত।"
 
উল্লেখ্য, গত ২১ আগস্ট এলাহাবাদ হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে স্পষ্ট করে দেয় যে, কোনো শিক্ষার্থী নিজের ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ড্রেস কোড পরিবর্তন করার অধিকার রাখে না। প্রয়াগরাজের একটি বেসরকারি স্কুলের একাদশ শ্রেণির এক নাবালিকা ছাত্রীর রিট আবেদন খারিজ করার সময় এই মন্তব্য করে আদালত। ওই ছাত্রী স্কুলের নির্ধারিত ইউনিফর্মের পাশাপাশি হিজাব পরে ক্লাসে বসার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল।
 
বিচারপতি জে জে মুনীর এবং বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লার সমন্বয়ে গঠিত দুই বিচারপতির বেঞ্চ আবেদনকারীর দাবি খারিজ করে দেয়। আদালত জানায়, হিজাব পরা ইসলাম ধর্মের কোনো বাধ্যতামূলক বা অপরিহার্য ধর্মীয় আচার—এই যুক্তির স্বপক্ষে উপযুক্ত কোনো আইনি ও তথ্যগত ভিত্তি আবেদনকারী পক্ষ উপস্থাপন করতে পারেনি।