পুবের কলম ওয়েব ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের এক সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঘটা এই মর্মান্তিক ঘটনায় গোটা পাকিস্তানে শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির কম্প্রেসার বিস্ফোরণ থেকেই এই বিধ্বংসী আগুনের সূত্রপাত।
আরও পড়ুন:
ইসলামাবাদের বৃহত্তম হাসপাতাল ‘পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’ (পিমস)-এর গাইনোকোলজি ওয়ার্ডের নবজাতক নার্সারিতে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, আগুন লাগার সময় ওই নার্সারিতে মোট ১৬ জন সদ্যোজাত শিশু ছিল। তাদের মধ্যে মাত্র এক জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১৫ জনেরই মৃত্যু হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত শিশুদের মধ্যে ১৪ জন সম্পূর্ণ দগ্ধ হয়ে গিয়েছে। খবর পেয়ে দ্রুত দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও এতগুলি প্রাণহানি এড়ানো যায়নি। আগুন নিভলেও বেশ কিছু অংশের উত্তাপ এখনও বেশি থাকায় সেখানে ‘কুলিং অপারেশন’ বা তাপ কমানোর কাজ চলছে।আরও পড়ুন:
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শিশুদের এই মৃত্যুকে অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করে তিনি অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এই হাসপাতালেই নিয়ে আসা হয়েছিল।