পুবের কলম ওয়েব ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সমস্ত 'দেশবিরোধী' ও 'আপত্তিকর' গ্রাফিতি মুছে ফেলার সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী সপ্তাহ থেকে এই ‘সাফাই অভিযান’ শুরু হতে পারে। তবে কর্তৃপক্ষের পদক্ষেপের আগেই মঙ্গলবার নিজেদের উদ্যোগে বেশ কিছু বিতর্কিত দেওয়াল লিখন ঢেকে দিল ছাত্র সংগঠন এসএফআই।
আরও পড়ুন:
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আর্টস হস্টেল চত্বরে থাকা বেশ কিছু দেওয়াল লিখনের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে এই নিয়ে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, যাদবপুরে নকশাল নেতা কিষেণজিকে সমর্থন বা অন্য কোনও দেশবিরোধী স্লোগান বরদাস্ত করা হবে না। এরপরেই মুখ্যমন্ত্রী তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে বেশ কিছু ভিডিও পোস্ট করেন, যেখানে 'ফ্রি প্যালেস্টাইন', 'নকশালবাড়ি' এবং অন্যান্য বিতর্কিত স্লোগান লেখা থাকতে দেখা যায়। মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পরেই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।আরও পড়ুন:
উল্লেখ্য, গত সপ্তাহে ছাত্র সংসদের একটি বৈঠককে কেন্দ্র করে এবিভিপি এবং বাম ছাত্র সংগঠনগুলির মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর ক্যাম্পাসে শান্তি ফেরাতে সোমবার সমস্ত পক্ষের সঙ্গে বৈঠক করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই বৈঠকেই এবিভিপি এবং এনএসএফ-এর মতো সংগঠনগুলি ওই সমস্ত 'আপত্তিকর' দেওয়াল লিখন অবিলম্বে মুছে ফেলার জোরালো দাবি জানায়। এরপর কর্তৃপক্ষ নিজেদের মধ্যে আলোচনা করে এই সাফাই অভিযানের সিদ্ধান্ত নেয়। এদিকে, এই প্রবল রাজনৈতিক চাপানউতোরের মাঝেই আসন্ন রাখীবন্ধন উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন বলে খবর।