পুবের কলম ওয়েবডেস্ক, সুদানের দক্ষিণ কোর্দোফান প্রদেশে বিদ্রোহীদের হামলায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারটি শিশুও রয়েছে। মঙ্গলবার, ২৫ আগস্ট হামলার এই তথ্য জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক। চিকিৎসকদের সংগঠনটির অভিযোগ, সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থ (এসপিএলএম-এন) এই হামলা চালিয়েছে।

দক্ষিণ কোর্দোফানের কোরদুদ ও আবু হামামা এলাকায় হামলাগুলি হয়।

ওই দুই অঞ্চলে ওটোরো জনগোষ্ঠীর বসবাস। হামলার পর বহু বাসিন্দা বাড়িঘর ছেড়ে আবু হিতান ও কাদুগলির দিকে পালিয়ে গিয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠনটি। নিহতদের পাশাপাশি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের মধ্যে মহিলারাও রয়েছেন।

সুদান ডক্টরস নেটওয়ার্কের দাবি, জাতিগত পরিচয়ের ভিত্তিতে নিরস্ত্র সাধারণ মানুষকে নিশানা করা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তাদের আশঙ্কা, এই ধরনের হামলা চলতে থাকলে দক্ষিণ কোর্দোফানের সংঘাত আরও বড় জাতিগত সংঘর্ষের রূপ নিতে পারে।

দক্ষিণ কোর্দোফানের এই উত্তেজনার পেছনে জমি নিয়ে পুরনো বিরোধও রয়েছে। চলতি বছরের শুরুতে এসপিএলএম-এন ঘনিষ্ঠ বাহিনী এবং ওটোরো জনগোষ্ঠীর মধ্যে তীব্র লড়াই হয়েছিল। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে গৃহযুদ্ধ চলছে। এই সংঘাতে এখনও পর্যন্ত অন্তত ৫৯ হাজার মানুষ নিহত এবং প্রায় ১ কোটি ৪০ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, দেশটির প্রায় ৩ কোটি ৩৭ লক্ষ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।