পুবের কলম ওয়েব ডেস্ক: পার্ক স্ট্রিটের ফুটপাতে শিশুর জন্য দুধ গরম করতে গিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের ধমক খেয়েছিলেন এক মহিলা। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই রাজ্য রাজনীতিতে বিস্তর জলঘোলা শুরু হয়। এই বিতর্কের মাঝেই মঙ্গলবার দুপুরে সল্টলেকের বিজেপি দপ্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ হাজির হন ওই মহিলা। তাঁর নাম সীতাদেবী। সন্তান কোলে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি।
মুখ্যমন্ত্রী তাঁকে ফুটপাত ছেড়ে দেওয়ার কথা বলেন এবং তাঁর জন্য বাসস্থানের বন্দোবস্ত করার আশ্বাস দেন।আরও পড়ুন:
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠিয়ে ওই মহিলাকে টাকা দিয়ে বিজেপির বিরুদ্ধে বলানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সীতাদেবী বর্তমান সরকার ও মুখ্যমন্ত্রীর উপরেই ভরসা রেখেছেন বলে তিনি দাবি করেন। পাশাপাশি, বিগত বাম ও তৃণমূল আমলকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, এত বছরে কেউ এই গরিব মানুষদের খোঁজ নেয়নি।
অন্যদিকে, সোমবারই ফেসবুক লাইভে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ওই অসহায় মহিলার পাশে দাঁড়িয়ে তাঁর থাকা-খাওয়া ও বাচ্চার পড়াশোনার দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।আরও পড়ুন:
তবে রাজনৈতিক চাপানউতোরের মাঝেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সীতাদেবীর সাক্ষাতের দিন বিকেলেই তাঁর কাছে পৌঁছে যান কলকাতা পুরসভার আধিকারিকরা। কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে জানিয়েছেন, ইতিমধ্যেই ওই মহিলার সঙ্গে কথা বলা হয়েছে। স্বামী পরিত্যক্তা ওই মহিলার মাথার উপর যাতে দ্রুত একটি ছাদ তৈরি করে দেওয়া যায়, সেই বিষয়ে পুরসভা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করছে।