পুবের কলম ওয়েব ডেস্ক: বিধানসভার গ্রন্থাগার থেকে নেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯টি বই এখনও ফেরত দেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত এই বইগুলি ফেরত না দিলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী গৌরীশংকর ঘোষ। মঙ্গলবার সিউড়িতে বিবেকানন্দ গ্রন্থাগারের ১২৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়ে তিনি এই কড়া বার্তা দেন।

মন্ত্রী স্পষ্ট জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে বই ফেরত না দিলে সাধারণ পাঠকের বিরুদ্ধে ঠিক যেমন ব্যবস্থা নেওয়া হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও সেই একই নিয়ম প্রযোজ্য হবে। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নীতি মেনে সকলের জন্য সমান আইন কার্যকর করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, মমতার জিম্মায় থাকা এই ১৯টি বইয়ের মধ্যে রবীন্দ্র রচনাবলীর ১৮টি খণ্ড এবং একটি সঞ্চয়িতা রয়েছে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, বইগুলি তাঁর বাড়িতে নেই, বিধানসভায় মুখ্যমন্ত্রীর নির্দিষ্ট চেম্বারেই সেগুলি রাখা আছে। কিন্তু নিয়ম অনুযায়ী, সশরীরে গ্রন্থাগারে বই জমা না পড়া পর্যন্ত খাতায়-কলমে তা 'ফেরত' হিসেবে গণ্য করার সুযোগ নেই।

এদিন পূর্বতন সরকারের আমলে তৃণমূল নেত্রীর লেখা বই গ্রন্থাগারগুলিতে সরকারি নির্দেশে রাখার বিষয়টিরও কড়া সমালোচনা করেন মন্ত্রী। ওই বইগুলিকে কটাক্ষ করে তিনি জানান, দায়িত্ব নেওয়ার প্রথম দিনই তিনি সরকারি গ্রন্থাগারগুলি থেকে ওই ধরনের বই সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি মন্ত্রী জানান, আগামী দিনে রাজ্যের গ্রন্থাগারগুলিতে স্বামী বিবেকানন্দ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট রাষ্ট্রবাদী ও জাতীয়তাবাদী ব্যক্তিত্বদের বই এবং দেশের ইতিহাসকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে।