নরেন্দ্র মোদী সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ—এই অভিযোগ তুলে ফের পথে নামার ঘোষণা করেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে দিল্লির ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দপ্তর পর্যন্ত শান্তিপূর্ণ মিছিলের ডাক দিয়েছে সংগঠনটি। তবে কর্মসূচির দিনক্ষণ ঘোষণা হলেও মিছিলের পথ নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে টানাপড়েন। দিল্লি পুলিশের দাবি, এখনও পর্যন্ত এই কর্মসূচির জন্য সিজেপির পক্ষ থেকে কোনও অনুমতি চাওয়া হয়নি।
দিল্লি পুলিশ জানিয়েছে, ইন্ডিয়া গেট এলাকায় বর্তমানে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে। ফলে পাঁচ বা তার বেশি মানুষের জমায়েতের উপর নিষেধাজ্ঞা রয়েছে।

পূর্বনির্ধারিত শর্ত মেনে প্রতিবাদ ও মিছিলের অনুমতি রয়েছে মূলত যন্তর মন্তর এলাকায়। নয়াদিল্লির ডিএসপি সচিন শর্মা জানিয়েছেন, সিজেপির তরফে এখনও কোনও মিছিল বা বিক্ষোভের অনুমতির আবেদন জমা পড়েনি। যদিও সংগঠনের এক মুখপাত্র জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই পুলিশকে কর্মসূচির বিষয়ে জানানো হবে।
ইন্ডিয়া গেটের মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকায় মিছিলের অনুমতি দেওয়া নিয়ে আপত্তি রয়েছে দিল্লি পুলিশের। পুলিশকর্তাদের বক্তব্য, সেখানে সবসময়ই বিপুল মানুষের সমাগম থাকে। ফলে বিক্ষোভ হলে নিরাপত্তা ও যান চলাচলে সমস্যা তৈরি হতে পারে।
সেই কারণে ইন্ডিয়া গেট এলাকায় সিজেপির কর্মসূচি ঠেকাতে আগাম প্রস্তুতি শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কর্মসূচিতে কতজন অংশ নেবেন, তার ভিত্তিতে বিকল্প স্থান নির্ধারণের প্রস্তাব দেওয়া হতে পারে। রামলীলা ময়দান বা অন্য কোনও নির্দিষ্ট জায়গায় মিছিল করার পরামর্শ দিতে পারে দিল্লি পুলিশ। ৫ সেপ্টেম্বরের পরিস্থিতি সামলাতে ইতিমধ্যেই ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের মধ্যে বৈঠক হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের বিষয়েও আলোচনা চলছে। পাশাপাশি সিজেপির নেতা ও সংগঠকদের কার্যকলাপ এবং বিভিন্ন রাজ্য থেকে সমর্থকদের দিল্লিতে আসার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

এর আগে যন্তর মন্তরে প্রায় এক মাস ধরে আন্দোলন করেছিল সিজেপি। নিট কেলেঙ্কারির প্রতিবাদ, তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার এবং আত্মঘাতী নিট পরীক্ষার্থীদের পরিবারকে আর্থিক সাহায্যের দাবিতে ওই আন্দোলন হয়েছিল। পরে কেন্দ্রের সঙ্গে আলোচনার পর দাবি পূরণের আশ্বাস পেয়ে ধর্না প্রত্যাহার করে সংগঠনটি।
তবে সিজেপির দাবি, সেই প্রতিশ্রুতিগুলি এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তাই ফের আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, আত্মঘাতী নিট পরীক্ষার্থীদের পরিবার এবং আগের আন্দোলনে পুলিশি নির্যাতনের শিকার ব্যক্তিরাই ৫ সেপ্টেম্বরের মিছিলের নেতৃত্ব দেবেন। এখন মূল প্রশ্ন, ইন্ডিয়া গেট থেকে মিছিলের অনুমতি আদৌ মিলবে কি না, নাকি শেষ পর্যন্ত বিকল্প কোনও জায়গায় কর্মসূচি সরিয়ে নিতে হবে সিজেপিকে।