পুবের কলম ওয়েব ডেস্ক: হাওড়ার আন্দুলের একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতার নাম গোপা মুখোপাধ্যায়। নিজের ফ্ল্যাটে আটকে পড়ে আগুনে ঝলসে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় আরও বেশ কয়েকজন বাসিন্দা আহত ও ধোঁয়ায় অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলা একটা নাগাদ আন্দুলের অঙ্কুরহাটি এলাকার ওই বহুতলের তিনতলার একটি ফ্ল্যাট থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখা যায়।
মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আবাসিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন ও পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ।আরও পড়ুন:
দমকলকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে বহুতলের ভিতরে ঢুকে শিশু ও বয়স্ক-সহ প্রায় ১২ জন আটকে পড়া বাসিন্দাকে নিরাপদে বাইরে বের করে আনেন। তবে উপরতলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে বিছানার ওপর থেকে গোপাদেবীর দগ্ধ দেহ উদ্ধার করেন তাঁরা।
আরও পড়ুন:
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রায় ১০-১২টি পরিবার ওই আবাসনে বসবাস করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সেখানে আগুন নেভানোর কোনও ন্যূনতম ব্যবস্থাই ছিল না। এমনকি বহুতলটিতে ওঠানামার জন্য মাত্র একটি সিঁড়ি রয়েছে এবং বেরনোর জন্য আপৎকালীন কোনও গেটও নেই। ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।