পুবের কলম, নয়াদিল্লি: পবিত্র মিলাদ-উন-নবী এবং দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী ফসল কাটার উৎসব ওনাম উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ একাধিক শীর্ষ কেন্দ্রীয় মন্ত্রী। পারস্পরিক ঐক্য, মানবসেবা, শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে উদযাপিত হচ্ছে এই উৎসব দুটি। 'এক্স' পোস্ট প্রধানমন্ত্রী মোদি লেখেন, "মিলাদ-উন-নবী উপলক্ষ্যে জানাই আন্তরিক শুভেচ্ছা।
এই বিশেষ দিনটি আমাদের চারপাশে একতা ও আনন্দের আবহাওয়া আরও সুদৃঢ় করুক। দয়া এবং সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার মানবিক চেতনা যেন সর্বদা আমাদের সঠিক পথ দেখায়।"আরও পড়ুন:
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উৎসবের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বার্তায় মহানবী হজরত মহম্মদের (সাঃ) শিক্ষাকে স্মরণ করার গুরুত্ব তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, মহানবীর কালজয়ী আদর্শ দেশবাসীকে একটি অন্তর্ভুক্তিমূলক এবং উন্নত ভারত গড়তে অনুপ্রাণিত করবে।