পুবের কলম ওয়েব ডেস্ক: উত্তরবঙ্গ মেডিক্যালের পর এবার মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল। একদিনে ১০ জন সদ্যোজাতের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, প্রথমদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে মৃত্যুর তথ্য আপলোড হতেই তা প্রকাশ্যে চলে আসে।
বিষয়টি নজরে আসতেই কড়া পদক্ষেপ করেছে স্বাস্থ্যভবন। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে।আরও পড়ুন:
জানা গিয়েছে, ঘটনাটি আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের। হাসপাতালের ১ হাজার ১২০ শয্যার প্রসূতি ও নবজাতকদের জন্য নির্দিষ্ট ‘মাতৃমা’ ভবনে এই ঘটনা ঘটে।
ডেথ সার্টিফিকেট অনুযায়ী, শ্বাসকষ্ট ও জন্ডিস-সহ একাধিক কারণে ওই শিশুদের মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মৃত ১০ শিশুর মধ্যে মাত্র দু’জনের জন্ম এই হাসপাতালে হয়েছিল। বাকি আটটি শিশুকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় অন্য জায়গা থেকে এখানে রেফার করা হয়েছিল। মালদহ মেডিক্যালের সুপার প্রসেনজিৎ বর জানিয়েছেন, স্বাস্থ্যভবনে ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে। খুব দ্রুত পূর্ণাঙ্গ রিপোর্টও জমা দেওয়া হবে। এই পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার জেলাশাসকের দপ্তরে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়।আরও পড়ুন:
স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, একটি জেলায় এক সপ্তাহে এত শিশুমৃত্যুর ঘটনা গোটা রাজ্যের শিশুমৃত্যুর পরিসংখ্যানকে প্রভাবিত করছে, যা জাতীয় স্তরেও যথেষ্ট উদ্বেগজনক। প্রসঙ্গত, ওই একই সপ্তাহে উত্তরবঙ্গ মেডিক্যালেও দশটি শিশুর মৃত্যু হয়েছিল। কিছুদিন আগেই হাসপাতালে ইঁদুরের উপদ্রব ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বিতর্কে জড়িয়েছিল মালদহ মেডিক্যাল। সেই ঘটনায় খোদ স্বাস্থ্যমন্ত্রীকে কড়া বার্তা দিতে হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার শিশুমৃত্যুর ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়ল এই হাসপাতাল।