পুবের কলম ওয়েব ডেস্ক: তিব্বত সীমান্তবর্তী নেপালের রসুয়া জেলায় ভয়াবহ হড়পা বানে এখনও পর্যন্ত ১৬৫ জনের মৃত্যু হয়েছে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল বৃহস্পতিবার জানিয়েছেন, এই ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ে হাজার হাজার মানুষ নিখোঁজ। তাঁদের মধ্যে অন্তত ৩০০ জনেরও বেশি ভারতীয় রয়েছেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

ভোটকোশী নদীর একটি শাখা নদী লহেন্দে-তে তুষারধসের কারণে নদীর গতিপথ আচমকা আটকে গিয়ে এই ভয়াবহ বানের সৃষ্টি হয়।

এর জেরে গত বুধবার নেপালের তিনটি জেলা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিন সীমান্তের কাছে তিমুর এলাকাতেই প্রথম এই হড়পা বান আছড়ে পড়ে। নিখোঁজ ভারতীয়দের মধ্যে অন্তত ৫০ জন কৈলাস মানস সরোবরের পুণ্যার্থী ছিলেন। প্রাথমিক রিপোর্টে নিখোঁজ ভারতীয়ের সংখ্যা কিছুটা কম বলা হলেও বৃহস্পতিবার সেই সংখ্যা তিনশো পার করেছে।

ইতিমধ্যেই ভারত ও নেপাল সরকারের যৌথ উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত ভারতীয়দের সাহায্যার্থে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস একাধিক হেল্পলাইন নম্বর চালু করেছে। প্রয়োজনে +৯৭৭ ৯৮৫ ১৩১ ৬৮০৭ অথবা +৯৭৭ ৯৭০ ৯১০ ৭৫০০ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। বেজিংয়ের ভারতীয় দূতাবাসও একটি জরুরি হোয়াটসঅ্যাপ নম্বর (০০৮৬ ১৮৫ ১৪২৮ ৪৯০৫) চালু করেছে। এছাড়া পর্যটকদের সুবিধার্থে নেপাল ট্যুরিজম বোর্ড টোল-ফ্রি নম্বর ১২৩৪, হেল্পলাইন ১১৪৪ এবং ট্যুরিস্ট পুলিশের নম্বর ৯৮৫১২৮৯৪৪৫ জারি করেছে।