রেললাইনে দাঁড়িয়ে রিলস তৈরি, ছবি তোলা কিংবা স্টান্টবাজির প্রবণতা ক্রমেই বাড়ছে। এই ধরনের বিপজ্জনক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত তিন মাসে ৮৫৩ জনকে গ্রেপ্তার করেছে পূর্ব রেল। পাশাপাশি বিপজ্জনকভাবে রেললাইন ধরে হাঁটা ও অবৈধভাবে লাইন পারাপারের অভিযোগেও কয়েকশো মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আরও পড়ুন:
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপদে পারাপারের জন্য ফুট ওভারব্রিজ, রোড ওভারব্রিজ এবং রোড আন্ডারব্রিজ থাকা সত্ত্বেও অনেকেই ঝুঁকি নিয়ে সরাসরি রেললাইন পার হন।
নিয়মিত সচেতনতামূলক প্রচার চালানো হলেও একাংশের মধ্যে এখনও প্রয়োজনীয় সচেতনতা তৈরি হয়নি।এর পাশাপাশি সামাজিক মাধ্যমে রিলস তৈরির নেশায় রেললাইনে নানা ধরনের স্টান্ট করার ঘটনাও বাড়ছে। কখনও চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে বা ট্রেনের সঙ্গে দৌড়ে ভিডিও তৈরি করা হচ্ছে, আবার কখনও রেললাইনে প্রি-ওয়েডিং শুটও করা হচ্ছে। এমন বিপজ্জনক আচরণের জেরে দুর্ঘটনার ঘটনাও ঘটছে।
আরও পড়ুন:
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে জানিয়েছেন, রেললাইন কখনও রিলস, ছবি তোলা বা স্টান্ট করার জায়গা নয়। সামান্য অসাবধানতাতেই একটি মূল্যবান জীবন চলে যেতে পারে। বিপজ্জনকভাবে রেললাইন ব্যবহার বন্ধ করতে কঠোর আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছেন পূর্ব রেলের আইজি তথা প্রধান মুখ্য নিরাপত্তা কমিশনার অমিয়নন্দন সিনহা। অনুমতি ছাড়া রেললাইনে যাতায়াত এবং বিপজ্জনক সোশাল মিডিয়া স্টান্টের বিরুদ্ধে সমস্ত বিভাগকে কঠোরভাবে আইন প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।