প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে বিহার পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) ৭০তম পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন ঘিরে উত্তপ্ত পটনা। মঙ্গলবার গাঁধী ময়দানের কাছে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করা হয়। ঘটনায় বেশ কয়েক জন আন্দোলনকারী আহত হন। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে বিহারের বিজেপি সরকারকে নিশানা করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
আরও পড়ুন:
সমাজমাধ্যমে রাহুল অভিযোগ করেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পরও কেন সরকার কোনও পদক্ষেপ করছে না, তা নিয়ে বিহারের পড়ুয়াদের প্রশ্নের উত্তর দেওয়া উচিত।
তাঁর দাবি, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার পদ্ধতি, দীর্ঘসূত্রতা ও স্বচ্ছতার দাবিতে দীর্ঘদিন ধরেই পড়ুয়ারা আন্দোলন করছেন। কিন্তু তাঁদের দাবির জবাব দেওয়ার পরিবর্তে লাঠিচার্জ, জলকামান ও আটক করার মতো পদক্ষেপ করা হচ্ছে।আরও পড়ুন:
নিট পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে বিহারের সিওয়ানে পুলিশের গুলি চালানোর প্রসঙ্গও তুলে ধরেন রাহুল। তাঁর অভিযোগ, বিজেপি সরকারের কাছে প্রশ্নের উত্তর না থাকায় জবাবদিহি এড়াতে পুলিশকে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, লাঠিচার্জ করে পড়ুয়াদের প্রশ্ন থামানো যাবে না এবং ভয় দেখিয়ে তাঁদের ভবিষ্যৎ নষ্ট করা সম্ভব নয়।
আরও পড়ুন:
৭০তম বিপিএসসি পরীক্ষা বাতিলের পাশাপাশি বিএসএসসি, সাব-ইনস্পেক্টর ও শিক্ষক নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতার দাবিও জানিয়েছেন আন্দোলনকারীরা।