ইন্ডিয়া জোটের অন্দরের পুরনো টানাপড়েন ফের প্রকাশ্যে। এবার জম্মু-কাশ্মীরে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে দূরত্ব বাড়ছে কংগ্রেসের। ওমরের মন্ত্রিসভায় যোগ দেওয়ার আহ্বানে সাড়া দিতে রাজি নয় কংগ্রেস। দলের বক্তব্য, সরকারে যোগ না দেওয়ার আগের সিদ্ধান্তেই তারা অটল।
২০২৪ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট সরকার গঠন করে। ৯০ আসনের বিধানসভায় ন্যাশনাল কনফারেন্স ৪১টি এবং কংগ্রেস মাত্র ৬টি আসন পায়। সরকার গঠনের সময় পাঁচজন মন্ত্রী শপথ নিলেও তাঁদের মধ্যে কংগ্রেসের কোনও প্রতিনিধি ছিলেন না। তখনই কংগ্রেস জানিয়েছিল, তারা সরাসরি সরকারে যোগ দেবে না।
আরও পড়ুন:
এর পর রাজ্যসভা নির্বাচন ঘিরে দুই দলের সম্পর্কে আরও টানাপড়েন তৈরি হয়। কংগ্রেসের অভিযোগ, একটি রাজ্যসভা আসন তাদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েও তা রক্ষা করেনি ন্যাশনাল কনফারেন্স। চারটি আসনের মধ্যে তিনটিতে নিজেদের প্রার্থী দেয় তারা। এই সিদ্ধান্তকে ‘বেইমানি’ হিসেবেই দেখছে কংগ্রেসের একাংশ।
আরও পড়ুন:
সম্প্রতি ফের কংগ্রেসকে মন্ত্রিসভায় যোগ দেওয়ার আহ্বান জানান ওমর আবদুল্লা। কিন্তু তাতেও বরফ গলেনি। এআইসিসির সাধারণ সম্পাদক তথা কাশ্মীরের বিধায়ক গুলাম আহমেদ মীর স্পষ্ট জানিয়েছেন, ‘‘আমাদের অবস্থান বদলাচ্ছে না। আমরা সরকারে যোগ দেব না।’’
আরও পড়ুন:
কংগ্রেসের একাংশের অভিযোগ, ওমর একদিকে ইন্ডিয়া জোটের শরিক হলেও অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে সমন্বয় করে চলছেন। তাঁর রাজনৈতিক অবস্থান নিয়েও দলের মধ্যে প্রশ্ন রয়েছে।