মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বিরুদ্ধে। সম্প্রচারিত প্রায় তিন মিনিটের একটি ভিডিওতে ব্যারনকে হত্যার সম্ভাব্য স্থান ও পদ্ধতির ইঙ্গিত দেওয়ার পাশাপাশি তাঁকে হত্যার জন্য ১ কোটি ডলার পুরস্কারের কথাও বলা হয়েছে। বিষয়টি ইতিমধ্যেই মার্কিন সিক্রেট সার্ভিসের নজরে এসেছে।
সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং সিএনএনকে জানিয়েছেন, তাঁরা ভিডিওটির বিষয়ে অবগত এবং নিরাপত্তার আওতায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে সম্ভাব্য সব হুমকি গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়। তবে নিরাপত্তার স্বার্থে তদন্ত বা গোয়েন্দা তথ্য নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ভিডিওটির শুরুতেই ইংরেজিতে লেখা হয়, ‘হোয়্যার টু কিল ব্যারন ট্রাম্প?’ অর্থাৎ ব্যারন ট্রাম্পকে কোথায় হত্যা করা হবে। এরপর নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারসহ ব্যারনের যাতায়াতের সম্ভাব্য কয়েকটি স্থানের ছবি ও গ্রাফিক দেখানো হয়। ভিডিওর শেষে বলা হয়, ১ কোটি ডলারের পুরস্কার পাওয়ার জন্য মানুষ অপেক্ষা করছে।
সপ্তাহান্তে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) ভিডিওটি সম্প্রচার করে।

মার্কিন এক ফেডারেল কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প ও তাঁর পরিবারের সদস্যদের লক্ষ্য করে ইরান থেকে প্রকাশিত ধারাবাহিক হুমকির ভিডিওগুলোরই এটি একটি। এসব ভিডিওতে পরিবারের সদস্যদের গতিবিধি নিয়ে তথ্য এবং হত্যার আহ্বানও রয়েছে বলে দাবি করা হয়েছে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের নিরাপত্তা পরিস্থিতি অনুযায়ী নিয়মিত পর্যালোচনা ও পরিবর্তন করা হয়। এর আগে নিজের প্রাণনাশের আশঙ্কার কথাও প্রকাশ্যে জানিয়েছিলেন ট্রাম্প। ২০২০ সালে তাঁর নির্দেশে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর থেকেই ইরান থেকে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার আশঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্র সতর্ক করে আসছে।