আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সংক্রান্ত বিল দ্রুত পাশ করাতে তৎপর কেন্দ্র। বাদল অধিবেশনে বিলটি পাশ করানো সম্ভব না হলেও, প্রয়োজনে ফের সংসদ অধিবেশন ডাকা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর কথায়, সংসদের অধিবেশন কখন বসবে, তা নির্ধারণ করার অধিকার সরকারের রয়েছে।

১৩ আগস্ট লোকসভা ও রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হলেও এখনও বাদল অধিবেশন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়নি।

সাধারণত অধিবেশন মুলতুবি হওয়ার কয়েক দিনের মধ্যেই রাষ্ট্রপতির বিজ্ঞপ্তির মাধ্যমে তা শেষ হয়। এই বিলম্বকে ঘিরেই জল্পনা তৈরি হয়েছে, ডিলিমিটেশন সংক্রান্ত বিল পাশ করাতে সরকার কি বিশেষ অধিবেশন ডাকতে পারে?
২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে নতুন আসন বিন্যাস কার্যকর করতে হলে দ্রুত আইন পাশ করা প্রয়োজন বলে মনে করছে কেন্দ্র। আইন পাশের পর ডিলিমিটেশন কমিশন গঠন এবং দেশজুড়ে আসন পুনর্বিন্যাসের কাজ যথেষ্ট সময়সাপেক্ষ।
ফলে সময় নষ্ট করতে চাইছে না সরকার।

রিজিজু বলেছেন, অধিবেশন এখনও আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি। তাই সরকার চাইলে যে কোনও সময় ফের অধিবেশন ডাকতে পারে। বিশেষ অধিবেশন ডাকার বিষয়ে সরাসরি কিছু না বললেও তাঁর মন্তব্য ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।